প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন এনসিপি নেতারা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন এনসিপি নেতারা
ছবি: আমার দেশ

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এনসিপির প্রতিনিধি দলে আছেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ ছাড়া প্রতিনিধিদলে রয়েছেন যুগ্ম সদস্যসচিব আকরাম হোসাইন। সোমবার দুপুর ১টার দিকে তারা সচিবালয়ে প্রবেশ করেন।

এনসিপি সূত্র জানায়, বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেবে দলটি। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানানো হবে। এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন এনসিপির নেতারা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন।

এরই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী। প্রথম দল হিসেবে এনসিপির নেতারা তার সঙ্গে বৈঠকে বসেছেন। জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...