তিন ড্রাম জেলি ও কস্টিক সোডা উদ্ধার

ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় অভিযান

ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় অভিযান
নকল দুধ তৈরির কারখানায় অভিযান । ছবি: আমার দেশ

পাবনার ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে আবুল হোসেন (৩৬) ও ওমর ফারুক (২৫) নামে দুই ব্যক্তিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুই ভ্যানচালককে এক হাজার টাকা করে জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

রোববার রাত ৯টার দিকে উপজেলার গোপালনগর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন। এ সময় সেখান থেকে তিন ড্রাম জেলি, আধা কেজি কস্টিক সোডা ও তিন ড্রাম নকল দুধ জব্দ করে তা ধ্বংস করা হয়। অভিযানকালে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আলহাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে উপজেলার গোপালনগর এলাকায় অবস্থিত একটি দুধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে সেখানে নকল দুধ তৈরির সময় আবুল হোসেন ও ফারুক হোসেনকে হাতেনাতে ধরেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আবুল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ওমর ফারুককে এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন। এছাড়া দুই ভ্যান চালক আসলাম ও চাঁদ আলীর কাছ থেকে এক হাজার টাকা করে অর্থদণ্ড আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও উম্মে ইমামা বানিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় তাদেরকে জেল-জরিমানা করা হয়েছে। এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন