জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, জর্ডানের বিমানঘাঁটিতে দূরপাল্লাটর এফ-৩৫ হ্যাঙ্গারসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়েছে।

ইরানের আইআরজিসি ঘোষণা করেছে যে, আইআরজিসির মহাকাশ বাহিনী জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে দূরপাল্লার কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনীর কর্মীরা অবস্থান করেন।

বিজ্ঞাপন

আইআরজিসি দাবি করেছে যে তাদের ক্ষেপণাস্ত্রগুলো ঘাঁটির চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেগুলো ধ্বংস করেছে। এর মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি প্রধান কমান্ড ও কন্ট্রোল সেন্টার অন্তর্ভুক্ত।

আইআরজিসি বলেছে, এই হামলা ছিল যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তাদের বৃহত্তর পাল্টা অভিযানের শেষ ধাপ। তাদের দাবি অনুযায়ী, ওই অভিযানে অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমান ও নৌঘাঁটির ২১টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইরানের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ ড্রোনও ভূপাতিত করা হয়েছে।

বিবৃতির শেষাংশে আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের পরবর্তী যেকোনো সামরিক পদক্ষেপের জবাবে তাদের বাহিনী ‘বিধ্বংসী ও চূড়ান্ত’ প্রতিক্রিয়া জানাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তারা বলেছে, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তার সম্পূর্ণ দায়ভার ওয়াশিংটনকেই বহন করতে হবে।

এদিকে কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বর্তমানে ‘আকাশপথে আসা শত্রুপক্ষের লক্ষ্যবস্তু’ প্রতিহত করছে। এক্সে দেওয়া এক পোস্টে সেনাবাহিনী দেশটির বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন