অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় স্বাধীনতাকামী সংগঠনগুলোর হাতে আটক থাকা ছয় ইসরাইলি জিম্মির বিনিময়ে ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৬২০ ফিলিস্তিনি। শনিবার দুপক্ষের মধ্যে এ বন্দিবিনিময় হয়।
শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় গাজার দক্ষিণের রাফা থেকে দুই ইসরাইলিকে মুক্তি দেন স্বাধীনতাকামী হামাসের যোদ্ধারা। মুক্তি পাওয়া জিম্মিরা হলেন ৩৭ বছর বয়সি ইথিওপিয়ান-ইসরাইলি নাগরিক আভেরা মেনগিসটু এবং ৩৯ বছর বয়সি ইসরাইলি-অস্ট্রেলিয়ান নাগরিক তাল শোহাম।
আভেরা মেনগিসটু ২০১৪ সালের সেপ্টেম্বরে গাজায় প্রবেশ করলে তাকে বন্দি করেন হামাসের যোদ্ধারা। পরে তাকে জিম্মি হিসেবে আটকে রাখার ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে ইহুদি বসতি কিবুৎস বেয়েরি থেকে তাল শোহামকে আটক করে নিয়ে যান ফিলিস্তিনি যোদ্ধারা।
পরে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবির থেকে আরো তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্তরা হলেনÑ ২৭ বছর বয়সি এলিয়া কোহেন, ২৩ বছর বয়সি ওমের ওয়েনকের্ট এবং ২২ বছর বয়সি ওমের শেম তভ। তিনজনকেই ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলের নোভা ফেস্টিভ্যাল থেকে আটক করে নিয়ে যান ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধারা।
ষষ্ঠ জিম্মি হিশাম আল-সাইয়েদকে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই গাজা শহর থেকে মুক্তি দেওয়া হয়। ৩৭ বছর বয়সি ইসরাইলি আরব বেদুঈন ২০১৫ সালের এপ্রিলে গাজায় প্রবেশের পর তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর জিম্মি করেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধারা।
আভেরা মেনগিসটু ও হিশাম আল-সাইয়েদকে ইসরাইলি সামরিক বাহিনীর সদস্য হিসেবে উল্লেখ করেছেন হামাসের যোদ্ধারা।
এদিকে গত বৃহস্পতিবার অদলবদল হওয়া শিরি বিবাসের লাশ শুক্রবার ফেরত দিয়েছে হামাস। এর আগে ইসরাইলের পক্ষ থেকে বলা হয়, শিরি বিবাসের বদলে অন্য কারো লাশ দিয়েছে হামাসের যোদ্ধারা। হামাসের পক্ষ থেকে জানানো হয়, ইসরাইলি হামলার কারণে নিহত ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি জিম্মিদের লাশ মিশে যাওয়ায় কোনো ত্রুটি হয়েছে কি না, তারা তা পরীক্ষা করে দেখছে।
এর জেরে অনুসন্ধানের পর গাজা থেকে নতুন করে শিরি বিবাসের লাশ ফেরত এলো। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে তার পরিবার।
ইসরাইলি জিম্মি মুক্তির জেরে শনিবার ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৬২০ ফিলিস্তিনি বন্দি। এর মধ্যে ৪৪৫ জনকে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরুর পর গ্রেপ্তার করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

