ইসরাইলের বিরুদ্ধে একটি ‘ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট’ গঠনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইসরাইলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি বলে অভিহিত করেছেন তিনি।
তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে একটি যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ইসরাইলকে অবৈধ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে আসিফ বলেন, বেলফোর ঘোষণায় যখন ইসরাইলের জন্ম হয়েছিল, তখন থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনিরা লড়াই চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ইসরাইলের বর্তমান কর্মকাণ্ড এবং তারা ঐতিহাসিকভাবে যা করে আসছে, তা বিবেচনায় নিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আসিফ বলেন, ‘সেই সময়েও যুদ্ধ চলছিল এবং ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল। তাই আমার দৃষ্টিতে অন্তত এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে পুরো মুসলিম বিশ্বকে একত্র হয়ে এর মোকাবিলা করতে হবে।’
তিনি বলেন, ‘আমার মতে, এ বিষয়ে মতভেদের কোনো অবকাশ নেই। ফিলিস্তিনি জনগণের সমস্যা তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই সমস্যা থেকেই যাবে।’
তার মতে, ‘ইসরাইলি রাষ্ট্রের ফিলিস্তিনবিরোধী ও ইসলামবিরোধী চরিত্র ক্ষমতায় যেই আসুক না কেন, বদলাবে না। তারা এক মুসলিম দেশকে অন্যটির বিরুদ্ধে উস্কে দেওয়া অব্যাহত রাখবে।’
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


