মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধটি প্রচলিত নিয়ম বা প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। একই সঙ্গে ভ্রমণ নথিসহ কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণ অনুরোধ থেকে সম্পূর্ণ পৃথক বলেও স্পষ্ট বার্তা দিয়েছে নয়াদিল্লি।
বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।
ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ ও স্বেচ্ছায় দেশে ফেরার প্রসঙ্গ টেনে রণধীর জয়সওয়াল বলেন, ‘প্রত্যর্পণ অনুরোধটি আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া (প্রচলিত নিয়ম) অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে ভ্রমণ নথিসহ স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণ অনুরোধ থেকে পৃথক বিষয়।’
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ভারতের অবস্থান জানতে চাইলে মুখপাত্র বিষয়টিকে ঢাকা ও সাবেক প্রধানমন্ত্রীর নিজস্ব বিষয় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘এটি সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। আমাদের এর সাথে আর কিছু বলার নেই।’
এ ছাড়া ব্রিফিংয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিও উঠে আসে। হিন্দুদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে এই ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




