পাকিস্তানের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউজ। সোমবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট পাকিস্তানের এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার জিও নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
লেভিট বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য বিপর্যয়কর সামরিক উত্তেজনা কমাতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকার কথা স্বীকার করেছে পাকিস্তান।
তিনি বলেন, ‘এই মনোনয়ন প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় কূটনৈতিক পদক্ষেপের স্বীকৃতি, যা ভারত-পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ বন্ধে সহায়ক হয়েছে।’
গত ৬ মে ২০২৫ থেকে শুরু হওয়া ভারত-পাকিস্তান যুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে রক্তক্ষয়ী সংঘাত বন্ধ হয়। এ কারণে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নাম প্রস্তাব করে ইসলামাবাদ। ইতোমধ্যে নরওয়ের নোবেল কমিটিতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানো হয়েছে।
ট্রাম্পকে এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক রিপাবলিকান সদস্যও ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেন, ইসরাইল-ইরান উত্তেজনা প্রশমনে তার ভূমিকার কারণে।
এরআগে ট্রাম্প নিজেও বলেছিলেন যে, ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধের স্বীকৃতি হিসেবে তিনি শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য। তবে নোবেল কমিটি তাকে এই পুরস্কার দেবে না উল্লেখ করে তিনি আরো বলেন, নোবেল শুধু উদারপন্থীদের জন্য।
এরআগে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে হামলা চালায় ভারত। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। গত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হয়।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


