ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তান: শাহবাজ

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তান: শাহবাজ
ছবি: সংগৃহীত।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত প্রশমনের প্রচেষ্টায় অগ্রগতি অর্জনে পাকিস্তান ‘দৃঢ়প্রতিজ্ঞ’ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর আনাদোলুর।

বিজ্ঞাপন

বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তান একজন আন্তরিক ও সৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন শাহবাজ।

ইসলামাবাদ সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নিজের স্বাক্ষরে সম্পন্ন হয়েছিল। তবে দুঃখ প্রকাশ করে শাহবাজ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, এরপর পরিস্থিতি কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছিল।’

পাকিস্তানের প্রচেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু পাকিস্তান পুরোপুরি এই প্রচেষ্টায় মনোযোগী। আমরা আশা হারাইনি। পরিস্থিতি প্রশমিত করতে আরো প্রচেষ্টা চালানো এবং অগ্রগতি অর্জনের ব্যাপারে আমরা সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ।’

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। পরে ইসলামাবাদে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।

কয়েক সপ্তাহের মধ্যস্থতার পর পাকিস্তান ও কাতারের সহযোগিতায় ইসলামাবাদ সমঝোতা স্মারক সম্পন্ন হয়। ১৮ জুন এতে স্বাক্ষর করা হয়। এতে দুই পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির লক্ষ্যে আলোচনার জন্য একটি কাঠামো এবং ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল যুদ্ধের অবসান ঘটানো।

তবে এর পরপরই দুই পক্ষ পাল্টাপাল্টি হামলা আবার শুরু করে এবং উত্তেজনা অব্যাহত থাকে।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানি ও মার্কিন আলোচকরাও পরোক্ষ বৈঠকে বসেন।

ভবিষ্যতে আরো বৈঠক হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে শাহবাজ বলেন, এটি একটি ‘চলমান প্রক্রিয়া’। শান্তি প্রতিষ্ঠায় ‘সব বন্ধুত্বপূর্ণ দেশ অবদান রাখছে’ বলেও উল্লেখ করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন