গাজায় চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসক আদম হামাওয়ির জয়, নিউ জার্সির প্রথম মুসলিম কংগ্রেস সদস্য

গাজায় চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসক আদম হামাওয়ির জয়, নিউ জার্সির প্রথম মুসলিম কংগ্রেস সদস্য

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী চিকিৎসক ড. আদম হামাওয়ি। তার এই বিজয়ের মধ্য দিয়ে নিউ জার্সি থেকে প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত হওয়ার ইতিহাস গড়েছেন তিনি।

মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী গ্রেগ মেলেকে পরাজিত করেন হামাওয়ি। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তার বিজয় ঘোষণা করেছে। তিনি বিদায়ী কংগ্রেস সদস্য বনি ওয়াটসন কোলম্যানের স্থলাভিষিক্ত হচ্ছেন। কোলম্যান দীর্ঘদিন দায়িত্ব পালনের পর অবসরে যাচ্ছেন।

বিজ্ঞাপন

পেশায় প্লাস্টিক ও পুনর্গঠনমূলক সার্জন হামাওয়ি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক যুদ্ধকালীন চিকিৎসক। ইরাক যুদ্ধে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও দুর্যোগকবলিত অঞ্চলে স্বেচ্ছাসেবী চিকিৎসক হিসেবেও কাজ করেছেন তিনি।

২০২৪ ও ২০২৫ সালে গাজায় চিকিৎসা মিশনে অংশ নেন হামাওয়ি। সেখানে যুদ্ধাহত ও অসুস্থ মানুষের চিকিৎসায় কাজ করেন তিনি। তার এই মানবিক কর্মকাণ্ড নির্বাচনি প্রচারেও গুরুত্ব পেয়েছে।

ইরাক যুদ্ধে তার ভূমিকার আরেকটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। ২০০৪ সালে ইরাকে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর আহত সেনা ও বর্তমানে ইলিনয়ের সিনেটর ট্যামি ডাকওয়ার্থের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হামাওয়ি। ডাকওয়ার্থ তখন মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন।

নির্বাচনে জয়ী হওয়ার পর হামাওয়ির এই সাফল্যকে নিউ জার্সির রাজনীতিতে প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তার বিজয়ের ফলে রাজ্যটি থেকে প্রথম মুসলিম প্রতিনিধি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যাচ্ছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন