ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ১১

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ১১
ছবি: সংগৃহীত

ইয়েমেনের বন্দরনগরী মোখায় হুথিদের হামলায় নিহত হয়েছেন অন্তত ১১ জন। এদের মধ্যে আটজন সামরিক সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন।

সরকারের নিয়ন্ত্রণে থাকা মোখা শহরের চিকিৎসা সূত্র জানায়, হুথিদের হামলায় আরো ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জন বেসামরিক নাগরিক। বেসামরিক হতাহতের সবাই মোখা বন্দরে চালানো হামলার শিকার হয়েছেন বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ইয়েমেন সরকারের দুটি সামরিক সূত্র জানিয়েছিল, হামলায় অন্তত আট সেনা নিহত এবং ৪০ জনের বেশি সামরিক সদস্য আহত হয়েছেন।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তারা ওই এলাকায় থাকা ‘সৌদি শত্রু’ সেনা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন।

ইয়েমেন সরকারের দুই সামরিক সূত্রও জানিয়েছে, হুথিরা মোখায় কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর পাশাপাশি মোখার বাইরে সরকারপন্থি বাহিনীর অবস্থান ও স্থাপনা এবং বাব আল-মান্দেব প্রণালির কাছের কয়েকটি দ্বীপেও হামলা চালানো হয়েছে।

এক সামরিক সূত্র জানায়, হামলার কয়েকটি লক্ষ্যস্থলে সৌদি সেনা অবস্থান করছিল। তবে সৌদি সামরিক সদস্যদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে মোখার বাসিন্দারা হামলার সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। এক বাসিন্দা বলেন, বন্দর ও শহরের ওপর ড্রোন এবং বিমান প্রতিরক্ষাব্যবস্থার বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরেক বাসিন্দা জানান, বন্দরে পরপর ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন