তিমির ধাক্কায় ডুবল প্রমোদতরী ১৮ ঘণ্টা পর উদ্ধার চার নাবিক

তিমির ধাক্কায় ডুবল প্রমোদতরী ১৮ ঘণ্টা পর উদ্ধার চার নাবিক

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে তিমির ধাক্কায় একটি প্রমোদতরী ডুবে যাওয়ার ১৮ ঘণ্টা পর এর নাবিকদের জীবিত উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় নদীতে ছোট লাইফ র‌্যাফটে ভাসমান অবস্থায় থাকার পর জীবিত উদ্ধার হওয়াকে অলৌকিক বলছেন সংশ্লিষ্টরা। গত শনিবার রাতে ‘তাই তাম’ নামে ৫২ ফুট দীর্ঘ ইয়টটি একটি স্পার্ম তিমির ধাক্কায় ডুবে যায়। তখন এতে থাকা চার নাবিক লাইফ র‍্যাফটে আশ্রয় নেন। পরদিন রোববার সকালে একটি কনটেইনার জাহাজ তাদের উদ্ধার করে।

নাবিকদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার জেম্মা কুপার ও তার স্বামী জেরেমি কুপার, নিউজিল্যান্ডের টেরি হেথারিংটন এবং ফ্রান্সের মার্টিন জ্যাফ্রে। তারা নরফোক দ্বীপের প্রায় ২৫০ নটিক্যাল মাইল উত্তরে প্রশান্ত মহাসাগরে যাত্রা করছিলেন। খবর সিবিএস নিউজের।

বিজ্ঞাপন

নাবিকরা জানান, শনিবার স্থানীয় সময় দুপুরে হঠাৎ বিকট শব্দে ইয়টটি পাশের দিকে সরে যায়। স্টিয়ারিংয়ে থাকা জেম্মা কুপার ধাক্কার তীব্রতায় ছিটকে পড়েন। প্রথমে কী ঘটেছে বুঝতে না পারলেও পানিতে বাদামি রঙের ছোপ ও একটি স্পার্ম তিমি দেখতে পান তারা। জেম্মা বলেন, পরে তারা দেখতে পান ইয়টের পাশে ছয় থেকে আটটি তিমির একটি দল রয়েছে। তখনই তিমির ধাক্কার বিষয়টি পরিষ্কার হয়।

জেরেমি কুপার জানান, তিনি তখন ইয়টের নিচের অংশে ঘুমাচ্ছিলেন। তীব্র ধাক্কায় তার ঘুম ভেঙে যায়। তিনি বলেন, ইয়টের ডান পাশে স্টিয়ারিং ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং প্রচুর পানি ঢুকতে শুরু করে। ঘটনার প্রায় ৩০ মিনিট পর তারা জরুরি সংকেত পাঠান। এরপর কয়েক ঘণ্টা ধরে নাবিকরা হাতে করে পানি সেচে ইয়টটি ভাসিয়ে রাখার চেষ্টা করেন।

নাবিকরা ইঞ্জিনে পানি বা অন্যান্য আবর্জনা ঢুকে সেটি বন্ধ হয়ে যাওয়া ঠেকানোর পাশাপাশি ঘণ্টার পর ঘণ্টা পানি সেচে যাচ্ছিলেন। রাতে শেষ পর্যন্ত ইয়ট ছেড়ে লাইফ র‍্যাফটে ওঠেন চার নাবিক। পরে ইয়টটি ঢেউয়ের নিচে তলিয়ে যায়।

নিউজিল্যান্ডের সামরিক বাহিনী জানায়, ইয়টটি ডুবে যাওয়ার পর একটি পি-৮এ পোসেইডন টহল বিমান ঘটনাস্থলে গিয়ে নাবিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং উদ্ধার কার্যক্রম সমন্বয় করে।

রোববার সকাল ৬টার দিকে ৪৭০ ফুট দীর্ঘ কনটেইনার জাহাজ ‘এমভি সোফরানা সারভিল’ লাইফ র‍্যাফট থেকে চার নাবিককে উদ্ধার করে। তিমির সঙ্গে সংঘর্ষের প্রায় ১৮ ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়।

জেরেমি কুপার বলেন, আধা ঘণ্টার মধ্যেই তারা মই বেয়ে জাহাজে উঠে উদ্ধারকারীদের সঙ্গে যোগ দেন এবং ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেন। উদ্ধার সমন্বয় করা কর্মকর্তারা বলেন, এটি ছিল একটি সফল উদ্ধার অভিযান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন