ওয়েব টেলিস্কোপে ধরা পড়লো বৃহত্তম তারা নক্ষত্রালয়ের বিস্ময়কর দৃশ্য

ওয়েব টেলিস্কোপে ধরা পড়লো বৃহত্তম তারা নক্ষত্রালয়ের বিস্ময়কর দৃশ্য

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্প্রতি ছায়াপথের কেন্দ্রে থাকা একটি ব্যস্ততম নক্ষত্রালয় স্যাজিটারিয়াস বি২-এর অসাধারণ এবং প্রাণবন্ত চিত্র প্রকাশ করেছে। এই বিশাল আণবিক মেঘটি গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত সুপারম্যাসিভ ব্ল্যাকহোল থেকে মাত্র কয়েকশ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং তারা গঠনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

শুক্রবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

নাসা জানিয়েছে, গ্যালাক্টিক কোরের কাছে থাকা এই অঞ্চলে গ্যাসের পরিমাণ গ্যালাক্সির মোট গ্যাসের মাত্র ১০ শতাংশ হলেও, এখান থেকেই ছায়াপথের অর্ধেকেরও বেশি তারা তৈরি হয়। এই অঞ্চলে ঘন গ্যাসের মেঘ, জটিল চৌম্বক ক্ষেত্র এবং মহাজাগতিক ধূলিকণায় ভরা মহাকাশীয় পরিবেশ বিদ্যমান।

ওয়েব টেলিস্কোপের ইনফ্রারেড পর্যবেক্ষণ ক্ষমতা, বিশেষত মিড-ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট (MIRI) এবং নিয়ার-ইনফ্রারেড ক্যামেরা এর মাধ্যমে, গবেষকরা এই ঘন মেঘের মধ্য দিয়ে উঁকি দিয়ে তারা এবং গঠনশীল কাঠামোগুলোকে বিশ্লেষণ করতে পারছেন।

বিশেষ করে স্যাজিটারিয়াস বি২ নর্থ অংশে গ্যাস ও ধূলিকণার অত্যন্ত জটিল বিন্যাস দেখা গেছে, যা নাসা “অভূতপূর্ব বিশদ” বলে উল্লেখ করেছে। এখানে ঘন মেঘের কারণে অনেক তারা শুধুমাত্র হালকা নীল বিন্দু হিসেবে দৃশ্যমান।

যদিও টেলিস্কোপ অভাবনীয় স্পষ্টতায় বহু গঠন প্রকাশ করতে সক্ষম হয়েছে, এখনও কিছু অংশ ঘন ধূলিকণায় এতটাই আবদ্ধ যে ওয়েব টেলিস্কোপের পক্ষে সেগুলো ভেদ করা সম্ভব হয়নি। এই ঘন মেঘ ভবিষ্যতে নতুন তারার জন্মস্থল হিসেবে কাজ করবে এবং বর্তমানে গঠনের প্রাথমিক স্তরে থাকা তরুণ তারাগুলিকে ঘিরে একটি প্রতিরক্ষামূলক "কোকুন" হিসেবে বিবেচিত হচ্ছে।

গবেষকরা আশা করছেন, এই বিশ্লেষণের মাধ্যমে তারা স্যাজিটারিয়াস বি২ তে তারা গঠনের প্রক্রিয়া, তারার বয়স ও আকার সম্পর্কে আরও গভীর ধারণা পাবেন। এই আবিষ্কার মহাবিশ্বের তারামণ্ডলীয় বিবর্তন সম্পর্কে নতুন জানালা খুলে দিল বলেই মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন