প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে: মমতা বন্দোপাধ্যায়

প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে: মমতা বন্দোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে। তারপরও মাতৃভাষাকে রক্ষা করতেই হবে। বৃহস্পতিবার মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বাংলা ভাষার ওপর নেমে আসা ‘ভাষা-সন্ত্রাস নিয়ে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভাষা, সভ্যতা ও সংস্কৃতি জাতির মেরুদণ্ড। শিশুরা যেমন প্রথম ‘মা’ বলতে শেখে, সে রকম আমরা মাতৃভাষায় কথা বলা শিখি। সেই বাংলা ভাষার ওপর আজ ভাষা-সন্ত্রাস চলছে। বাংলা ভাষায় যারা কথা বলেন, তাদের ওপর অত্যাচার হচ্ছে। আর একটা ভাষা আন্দোলন চাই, সমাজকে জাগ্রত করতে হবে।’

মমতা আরো বলেন, সংখ্যার হিসেবে বাংলা ভাষা সারাবিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। আর এশিয়ায় দ্বিতীয় স্থানে। বিশ্বে প্রায় ৩০ কোটি লোক এই ভাষায় কথা বলেন। অথচ এই ভাষায় কথা বলার জন্য জেলে যেতে হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই তাকে দেশান্তরী হতে হচ্ছে।

এই তৃণমূল নেত্রী বলেন, ‘বাংলা ভাষাকে অপমান করবেন না। অন্য ভাষাকে অসম্মান করতে বলছি না, কিন্তু বাংলায় যারা গান গাইছেন, কাজ করছেন, তাদের একটু বেশি গুরুত্ব দিন। সব ভাষার সমন্বয়ে ঐক্য ও সম্প্রীতি গড়ে উঠুক।’

সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বলার জন্য অনেককে পুলিশ আটক করে। কাউকে হেনস্থা করা হয়েছে, কাউকে আবার ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পাঠানো হয়েছে বাংলাদেশে। সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা।

তিনি বলেন, বাংলা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুলের জন্ম দিয়েছে। বাংলা থেকেই লেখা হয়েছে জাতীয় সঙ্গীত। বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। সেই ভাষার ওপর সন্ত্রাস চলছে কেন,প প্রশ্ন তোলেন তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গের মানুষকে যদি বাংলা বলার জন্য অন্য রাজ্যে গ্রেপ্তার করা হয়, তা হলে এই লড়াই দিল্লিতে হবে। দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন