আইআরজিসি কর্মকর্তা

ইরানের সঙ্গে যুদ্ধের জন্য ইসরাইল খুবই দুর্বল

ইরানের সঙ্গে যুদ্ধের জন্য ইসরাইল খুবই দুর্বল
ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে এককভাবে যুদ্ধ করার সক্ষমতা ইসরাইলের নেই বলে মন্তব্য করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডেপুটি পলিটিক্যাল চিফ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি। তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সমর্থন ছাড়া ইসরাইল ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর সাহস পেত না।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জাভানি বলেন, সাম্প্রতিক সময়ে ইরানের শীর্ষ সামরিক পদে অভিজ্ঞ কমান্ডারদের নিয়োগের মাধ্যমে দেশটির প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন কৌশলের আওতায় ইরান সর্বোচ্চ মাত্রার প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রয়োজন হলে প্রতিরক্ষামূলক অভিযান আক্রমণাত্মক রূপ নিতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, শত্রুর আকস্মিক হামলা মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। ভবিষ্যতে ইরানই শত্রুর বিরুদ্ধে ‘কৌশলগত বিস্ময়ের’ তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

জাভানি বলেন, ‘শত্রুকে অবশ্যই জানতে হবে যে তারা আমাদের বিরুদ্ধে অতর্কিত হামলা চালিয়ে আমাদের অপ্রস্তুত করতে পারবে না। সম্ভবত তাদেরই কৌশলগত বিস্ময়ের জন্য প্রস্তুত থাকা উচিত।’

জাভানির দাবি, আগের ১২ দিনের সংঘাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার পরই ইসরাইল সরাসরি সংঘাতে প্রবেশ করে।

সূত্র: মেহের

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন