সম্প্রতি কাতারের দোহায় হামলা চালিয়েছে ইসরাইল। এর পরপরই ইসরাইলের পরবর্তী টার্গেট কে হতে পারে, তা নিয়ে শুরু হয় জল্পনা। ওয়াশিংটনে ডানপন্থী ‘আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের’ সিনিয়র ফেলো মাইকেল রুবিনের মতে, ইসরাইলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক । সেইসঙ্গে তিনি সতর্ক করে দেন, নিজেদের সুরক্ষার জন্য ন্যাটো সদস্যপদের ওপর নির্ভর করে থাকা তুরস্কের ঠিক হবে না।
রোববার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কাতারে হামলার পরপরই সামাজিকমাধ্যমে ইসরাইলি শিক্ষাবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব মেইর মাসরি লিখেন, ‘আজ কাতার, আগামীকাল তুরস্ক’।
আঙ্কারা এর তীব্র প্রতিক্রিয়া জানায়। কঠোর ভাষায়, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের এক সিনিয়র উপদেষ্টা লিখেন, ‘শিগগিরই বিশ্ব মানচিত্র থেকে তোমার নাম মুছে ফেলার মাধ্যমে শান্তি খুঁজে পাবে।’
গত কয়েক মাস ধরে, ইসরাইলপন্থী সংবাদমাধ্যমগুলো তুরস্কের বিরুদ্ধে সমালোচনা বাড়িয়েছে। সংবাদমাধ্যমগুলোতে ‘তুরস্ককে ইসরাইলের সবচেয়ে বিপজ্জনক শত্রু’ হিসাবে চিহ্নিত করা হচ্ছে।
ইসরাইলি বিশ্লেষকরা পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের উপস্থিতিকে হুমকি এবং যুদ্ধ-পরবর্তী সিরিয়া পুনর্গঠনে দেশটির ভূমিকাকে ‘নতুন উদীয়মান বিপদ’ হিসাবে বর্ণনা করেছেন।
ইসরাইলের আঞ্চলিক আগ্রাসন বৃদ্ধি এবং গাজায় হামলা বন্ধের কোনো লক্ষণ না থাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আগস্ট মাসে ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার ঘোষণা দেন।
আটলান্টিক কাউন্সিলের অনাবাসী ফেলো ওমর ওজকিজিলসিক আল জাজিরাকে বলেন, ‘তুরস্কের ধারণা ইসরাইলি আগ্রাসনের কোনো সীমা নেই এবং তেলআবিব মার্কিন সমর্থন পাচ্ছে।’
তিনি আরো বলেন, অনেক আরব রাষ্ট্রের বিপরীতে দাঁড়িয়ে তুরস্ক অনেক আগেই বুঝতে পেরেছে যে, তাদের জাতীয় নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র বা ন্যাটোর ওপর নির্ভর করে থাকা ঠিক হবে না।’
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের আঞ্চলিক সম্প্রসারণবাদী লক্ষ্য নিয়ে গর্বিত। আগস্ট মাসে যখন তার কাছে জানতে চাওয়া হয়, ‘বৃহত্তর ইসরাইল’ ধারণায় তিনি বিশ্বাস করেন কিনা? এর জবাবে তিনি বলেছিলেন, ‘অবশ্যই’।
আঙ্কারার কাছে, এই ধরনের বক্তব্য কেবল প্রতীকী নয় - এটি মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত ইসরাইলি আধিপত্যের সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয়, যা তুরস্কের নিজস্ব আঞ্চলিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সাংঘর্ষিক।
ওজকিজিলসিক বলেন, এই পটভূমিতে তুরস্ক এবং ইসরাইল এরইমধ্যে একটি ‘ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার’ মধ্যে রয়েছে।
আঞ্চলিক আধিপত্য:
ইসরাইল এই অঞ্চলের একমাত্র প্রভাবশালী শক্তি হয়ে ওঠার চেষ্টা করছে। জুলাই মাসে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বলেন, ইসরাইল চায় খণ্ডিত এবং বিভক্ত সিরিয়া।
তিনি বলেন, ‘শক্তিশালী জাতি-রাষ্ট্রগুলো একটি হুমকি - বিশেষ করে আরব রাষ্ট্রগুলো, যাদেরকে ইসরাইলের জন্য হুমকি হিসেবে দেখা হয়।
ইসরাইল বিশ্বাস করে, নিরাপদে থাকার জন্য তাদের এই অঞ্চলে আধিপত্য বিস্তার করা প্রয়োজন।
গত জুনে ইরানে হামলা করে ইসরাইল। ইসরাইল এখন তুরস্ককে তার আঞ্চলিক আধিপত্যের পরবর্তী সম্ভাব্য চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে। ইসরাইলের প্রধানমন্ত্রী বলেছেন, সিরিয়ায় আঙ্কারাকে নতুন ঘাঁটি স্থাপনের অনুমতি দেয়া হবে না।
অবসরপ্রাপ্ত তুর্কি অ্যাডমিরাল সেম গুরদেনিজের মতে ‘তুরস্ক-ইসরাইল সংঘর্ষের প্রথম প্রকাশ সম্ভবত স্থল ও আকাশে সিরিয়ার ফ্রন্টে দেখা দেবে।’
এই অঞ্চলকে পুনর্গঠন করার বিষয়ে নেতানিয়াহুর প্রচেষ্টার প্রতি ওয়াশিংটনের পূর্ণ এবং আপাতদৃষ্টিতে নিঃশর্ত সমর্থন রয়েছে। এর প্রেক্ষিতে লন্ডনের কিংস কলেজের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ আল জাজিরাকে বলেন, ‘তুরস্কের কৌশলগত প্রতিরোধ ক্ষমতা জোরদার করা, বিশেষ করে সম্প্রসারিত বিমান-প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং গোয়েন্দা সক্ষমতা বাড়ানো প্রয়োজন। সেইসঙ্গে কাতার, জর্ডান এবং ইরাকের সঙ্গে আঞ্চলিক জোট অনুসরণ এবং ওয়াশিংটনের সঙ্গে ‘পূর্ণ কৌশলগত বিচ্ছিন্নতা এড়াতে’ উন্মুক্ত চ্যানেল বজায় রাখা দরকার।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



