ইসরাইলি হামলার পর থেকে পাল্টা জবাব দিচ্ছে ইরান। শুক্রবার দিবাগত রাতে এ হামলা শুরু করেছে দেশটি। এই হামলা অব্যাহত থাকতে পারে। কেননা এখনও হামলা বন্ধের কোনো ঘোষণা দেয়নি ইরান।
এদিকে শনিবার সারারাত ইসরাইল ও ইরান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। রোববার ভোরেও ইরান তেল আবিবে ও হাইফা শহরে ড্রোন হামলা করেছে। ইসরাইলও দাবি করেছে রোববার তারা তেহরানের একটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। খবর বিবিসির।
শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত যা যা ঘটেছে
ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) স্থানীয় সময় রাত ১২টা ৩৯ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৫টা ৩৯) জানায়, যে তারা তেহরানে বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় তারা ইরানের পরমাণু কার্যক্রমের সঙ্গে জড়িত একটি ভবন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আঘাত করার দাবি করে।
শনিবার রাতে এক দফা মিসাইল ও ড্রোন হামলা চালানোর পর রোববার ভোরে ইসরাইলের কয়েকটি শহরে আবারো হামলা করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই দফায় ইরান ‘ব্যাপক ড্রোন হামলা’ চালিয়েছে। মধ্য ইসরাইলের বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টিভি তাদের খবরে জানিয়েছিল যে, ইসরাইলের তেল আবিব ও হাইফা শহরে ‘একশোর বেশি মিসাইল’ হামলা করা হয়েছে।
ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, শাহরান তেল ডিপোতে ইসরাইল হামলা করেছে।
ইরানের মিসাইল হামলায় ইসরাইলের হাইফা শহরের একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্থ হয়েছে।
রোববার ইরানের হামলায় ইসরাইলে অন্তত ৯ জন মারা গেছে বলে জানা গেছে। অন্যদিকে ইসরাইলের হামলায় ইরানে কতজন মারা গেছে তা আনুষ্ঠানিকভাবে না জানা গেলেও ইরানের দক্ষিণ-পশ্চিমের ইস্ট আজারবাইজানের গভর্নর ৩০ জন সেনা সদস্যসহ মোট ৩১ জনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেন। এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
প্রসঙ্গত, শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনা ও অস্ত্রাগারে বড় ধরনের হামলা চালায় ইসরাইল। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে এই আঘাত হানে ইসরাইল। এরপর থেকে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

