ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে ৪ জিম্মির মরদেহ হস্তান্তর হামাসের

ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে ৪ জিম্মির মরদেহ হস্তান্তর হামাসের

চার ইসরায়েলি জিম্মির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ তাদের হস্তান্তর করা হয়। এর বিনিময়ে দেশটিতে বন্দি থাকা ৬ শতাধিক ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল। ইতোমধ্যে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাস পশ্চিম তীরে পৌঁছেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি বন্দিদের ভর্তি একটি বাস পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। তবে বাসে ঠিক কতজন ছিলেন, সে সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আরবি মিডিয়া আউটলেটগুলো বলছে, অন্তত ৪০ জনের বেশি ফিলিস্তিনি রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে ইসরায়েল এখন প্রায় ৯৭ ফিলিস্তিনি বন্দিকে মিশরের কাছে হস্তান্তর করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে যে চার জিম্মির মৃতদেহ ফিরে এসেছে। তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে।

বিবিসি রেড ক্রসের গাড়ির ছবি প্রকাশ করেছে, যাতে করে ৪টি মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। রেড ক্রস ব্র্যান্ডিং এবং পতাকাসহ টয়োটা ফোর-হুইল-ড্রাইভ গাড়ির একটি দল যেখানে হামাস মৃতদেহ হস্তান্তর করেছিল সেই পথে ছবি তোলা হয়েছিল। এর আগে অনুষ্ঠানের মাধ্যমে জিম্মিদের হস্তান্তর করেছে হামাস। কিন্তু এবার ইসরায়েলের দাবির মুখে কোনো ধরনের অনুষ্ঠান ছাড়াই এই বিনিময় হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন