হুথিদের ২ ক্ষেপণাস্ত্র ও ৪ ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের

হুথিদের ২ ক্ষেপণাস্ত্র ও ৪ ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের
ছবি: সংগৃহীত

দক্ষিণ সৌদি আরবের আকাশে হুথিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন শনাক্ত করে তা ধ্বংস করেছে ইয়েমেনের সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট।

এক বিবৃতিতে জোটের পক্ষ থেকে জানানো হয়, খামিস মুশাইত ও জাজান শহরের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়। এছাড়া খামিস মুশাইতের আকাশে আরো চারটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

জোট বলেছে, ‘হুথি মিলিশিয়াকে নিবৃত্ত করতে’ তারা প্রয়োজনীয় অভিযান ও কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখবে। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এর আগে বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, গত মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ভোরে ওই হামলা চালানো হয়। এতে একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও সৌদি আরবের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এতে ব্যাহত হয়নি।

এর আগে ১৫ সেপ্টেম্বর জোট জানিয়েছিল, সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্ত করে তা ধ্বংস করেছে। ড্রোনটি হুথিদের বলে দাবি করা হয়। জোটের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি মক্কার নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন