ডাকযোগে ভোটের ওপর ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল আদালত

ডাকযোগে ভোটের ওপর ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল আদালত
ছবি: সংগৃহীত

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া উদ্যোগ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

বিজ্ঞাপন

বিতর্কিত এ পরিকল্পনা স্থগিত রাখার আদেশ প্রত্যাহারে ট্রাম্প প্রশাসনের আবেদন গতকাল সোমবার নাকচ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।

৯ সদস্যের বেঞ্চের ৬ রক্ষণশীল বিচারপতির মধ্যে দুজন এ রায়ের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন।

সংখ্যাগরিষ্ঠের সঙ্গে একমত হয়ে দেওয়া রায়ে বিচারপতি ব্রেট কাভানা বলেন, দীর্ঘমেয়াদে ট্রাম্পের পরিকল্পনাটি শেষ পর্যন্ত আইনসম্মত হতে পারে। তবে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে তা কার্যকর করার মতো পর্যাপ্ত সময় অঙ্গরাজ্য ও স্থানীয় নির্বাচনি কর্মকর্তাদের হাতে নেই।

নর্থ ক্যারোলাইনাসহ কয়েকটি অঙ্গরাজ্য এরই মধ্যে ভোটারদের ডাকযোগে ভোট দেওয়ার ব্যালট পাঠানো শুরু করেছে। ফলে নির্বাচনের ঠিক আগে এ বিধি কার্যকর করতে গেলে নির্বাচনি ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হতে পারে।

গত মার্চে ডাকযোগে ভোটের সুযোগ সীমিত করতে নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। কোনো প্রমাণ ছাড়াই তিনি দাবি করেছিলেন, ডাকযোগে ভোটে জালিয়াতির ঝুঁকি রয়েছে। আদেশ জারির পরপরই এর বিরুদ্ধে একাধিক আইনি চ্যালেঞ্জ আসে।

ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলোও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে। তাদের যুক্তি, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজন ও পরিচালনার ওপর ব্যাপক নিয়ন্ত্রণের ক্ষমতা অঙ্গরাজ্যগুলোর। ফেডারেল সরকারের এ ক্ষেত্রে এমন নিয়ন্ত্রণের ক্ষমতা নেই।

সুপ্রিম কোর্টের সর্বশেষ আদেশে আপাতত ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা কার্যকর হওয়ার পথ বন্ধ হলো।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন