দীর্ঘ ১০ বছর একটি দেশের সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন। সংসদে বিতর্ক করেছেন, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করেছেন, আন্তর্জাতিক সংকট মোকাবিলা করেছেন। এবার সেই অভিজ্ঞতা নিয়েই ফিরছেন শিক্ষাঙ্গনে। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টে নতুন দায়িত্ব পেয়েছেন। সেখানে তিনি ডিস্টিংগুইশড ফেলো হিসেবে যুক্ত হয়েছেন। পাশাপাশি সাবেক সরকারপ্রধানদের আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’-এর সদস্য হয়েছেন।
গত ৬ নভেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়টির ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্ট আনুষ্ঠানিকভাবে এ নিয়োগের ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে বিশ্ব রাজনীতির পরিচিত মুখ ট্রুডো যুক্ত হলেন এমন একটি আন্তর্জাতিক পরিসরে, যেখানে সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধানেরা তাদের শাসনকালীন অভিজ্ঞতা, নেতৃত্বের শিক্ষা এবং নীতিনির্ধারণী ভাবনা বিনিময় করেন।
সাবেক বিশ্বনেতাদের আন্তর্জাতিক নেটওয়ার্কে ট্রুডো
অক্সফোর্ডের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টের ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’ মূলত সাবেক সরকারপ্রধানদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। এর উদ্দেশ্য হলো, বিভিন্ন দেশের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কার্যকর সরকারব্যবস্থা ও জননীতি প্রণয়নে অবদান রাখা। নীতিনির্ধারণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞ নেতাদের দৃষ্টিভঙ্গি নতুন প্রজন্মের সামনে তুলে ধরাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ট্রুডোর আগে এই নেটওয়ার্কে যুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভান দুকের মতো নেতারা। সম্প্রতি জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও এতে যুক্ত হয়েছেন। ফলে ট্রুডো এখন এমন একটি আন্তর্জাতিক পরিসরের অংশ, যেখানে বিভিন্ন দেশের সাবেক শীর্ষ নেতৃত্বের অভিজ্ঞতা ও চিন্তাভাবনা একত্রিত হচ্ছে।
এক দশকের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা
২০১৫ সালের নভেম্বরে কানাডার ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাস্টিন ট্রুডো। লিবারেল পার্টির নেতৃত্বে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর টানা প্রায় এক দশক দেশটির সরকারপ্রধান ছিলেন তিনি। তার শাসনামলে কানাডাকে মোকাবিলা করতে হয়েছে করোনা মহামারি, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক সংঘাত এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবর্তনের মতো নানা চ্যালেঞ্জ।
২০২০ সালে করোনা মহামারি শুরু হলে তার সরকারকে জনস্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। একই সময়ে জলবায়ু নীতি, জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের মতো বিষয়গুলোও তার সরকারের নীতিনির্ধারণের গুরুত্বপূর্ণ অংশ ছিল।
এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে পরিবর্তনের মতো ঘটনাগুলোও তার প্রধানমন্ত্রিত্বের সময়ে বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলে। প্রযুক্তিগত পরিবর্তনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতিও সরকারগুলোর সামনে নতুন ধরনের নীতিগত প্রশ্ন তৈরি করেছে।
অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে এসব অভিজ্ঞতা ভাগাভাগি করার সুযোগ পাবেন ট্রুডো। রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা, আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা এবং সংকটের সময়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে তাঁর কাছ থেকে সরাসরি জানার সুযোগ তৈরি হবে।
ট্রুডো ও অক্সফোর্ড কর্তৃপক্ষের বক্তব্য
নতুন দায়িত্ব প্রসঙ্গে ট্রুডো বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের এক দশকে বিশ্ব ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এসব পরিবর্তন আন্তর্জাতিক ব্যবস্থাকে নতুনভাবে প্রভাবিত করেছে।
তিনি বলেন, অভিজ্ঞতা ভাগাভাগি, বিশ্বের অন্যান্য নেতার সঙ্গে দৃষ্টিভঙ্গি বিনিময় এবং ভবিষ্যৎ সরকার ও নীতিনির্ধারণী নেতৃত্বের সঙ্গে কাজ করার সুযোগ নিয়ে তিনি আগ্রহী। সরকারগুলো কীভাবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে আরো আশাবাদী, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে বিষয়ে আলোচনায় অবদান রাখতে চান তিনি।
ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টের ডিন অধ্যাপক নাইরি উডসও ট্রুডোর নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তার ভাষ্য, এক দশকের জনসেবার অভিজ্ঞতা নিয়ে ট্রুডো এই প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছেন। সরকার পরিচালনার জটিল বাস্তবতার মধ্য দিয়ে যারা গেছেন, তাদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত মূল্যবান।
বিশ্ববিদ্যালয়টির প্রত্যাশা, ট্রুডোর অভিজ্ঞতা শিক্ষার্থী, গবেষক এবং ভবিষ্যৎ নীতিনির্ধারকদের জন্য নতুন চিন্তার ক্ষেত্র তৈরি করবে।
কেন গুরুত্বপূর্ণ এই দায়িত্ব
ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে। এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্বজুড়ে সরকারি ব্যবস্থাপনা, জননীতি, নেতৃত্ব ও সুশাসনের মান উন্নয়নে কাজ করে প্রতিষ্ঠানটি। এখানে ভবিষ্যৎ সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক ও নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়া শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে জানার সুযোগ পান।
প্রতিষ্ঠানটির বিশ্বনেতাদের নিয়ে কাজ করার উদ্যোগের মূল ভাবনাই হলো, তাত্ত্বিক শিক্ষার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সংযোগ তৈরি করা। কারণ, রাষ্ট্র পরিচালনার অনেক জটিলতা শুধু পাঠ্যবই পড়ে বোঝা সম্ভব নয়। রাজনৈতিক সমঝোতা, আন্তর্জাতিক চাপ, জনমত, অর্থনৈতিক সংকট কিংবা জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার বাস্তব অভিজ্ঞতা ভবিষ্যৎ নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ।
এ ক্ষেত্রে ট্রুডোর মতো একজন সাবেক সরকারপ্রধানের অভিজ্ঞতা বিশেষ গুরুত্ব বহন করে। তিনি যেমন সরকারের ভেতরে থেকে সিদ্ধান্ত নিয়েছেন, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কাজ করেছেন। ফলে তাঁর অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে রাষ্ট্র পরিচালনার বাস্তব চিত্র তুলে ধরতে পারে।
রাজনীতির পর নতুন পথচলা
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পরও জনজীবন থেকে পুরোপুরি সরে যাননি ট্রুডো। ২০২৫ সালের জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর ওই বছরের ১৪ মার্চ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। তাঁর স্থলাভিষিক্ত হন লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি।
এরপর আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি নতুন পেশাগত উদ্যোগেও যুক্ত হয়েছেন তিনি। চলতি বছরের ১১ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময় দীর্ঘদিনের সহযোগী ও সাবেক চিফ অব স্টাফ কেটি টেলফোর্ডকে সঙ্গে নিয়ে ‘হোপ অ্যান্ড হার্ড ওয়ার্ক’ নামে একটি মিডিয়া ও বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেন ট্রুডো।
প্রতিষ্ঠানটি চলচ্চিত্র, টেলিভিশন, অডিও এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক কনটেন্ট তৈরির কাজ করবে। অর্থাৎ রাজনীতি ছাড়ার পর বিনোদন জগতেও নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। এবার যুক্ত হলো অক্সফোর্ডের সঙ্গে তার একাডেমিক ও নীতিনির্ধারণী পর্যায়ের সম্পৃক্ততা।
খুলছে নতুন একটি ক্ষেত্র
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুলে নভেম্বরের শেষ দিকে তার যাওয়ার কথা রয়েছে। সেখানে শিক্ষার্থী, গবেষক ও আন্তর্জাতিক নেতাদের সঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ, নেতৃত্ব এবং সুশাসন নিয়ে আলোচনা করবেন তিনি।
রাজনীতির দীর্ঘ অধ্যায় পেরিয়ে ট্রুডোর সামনে খুলছে নতুন একটি ক্ষেত্র। একসময় যিনি সরকারপ্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিতেন, এখন তিনি সেই অভিজ্ঞতা তুলে ধরবেন ভবিষ্যতের নেতৃত্ব গড়ে ওঠার মঞ্চে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সরকার পরিচালনা, পরিবর্তনশীল ভূরাজনীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয়গুলোতে তার অভিজ্ঞতা কতটা প্রভাব ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
সূত্র: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্ট, দ্য কানাডিয়ান প্রেস, সিবিসি ও রয়টার্স
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


