ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনায় অন্তত ১৬৫ জন নিহত হওয়ার জন্য ইরানকেই দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার ডোভার এয়ার ফোর্স বেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রতিবেদক জানতে চান, ওই স্কুলে যুক্তরাষ্ট্র কোনো হামলা চালিয়েছে কি না। জবাবে ট্রাম্প বলেন, “এটা ইরানই করেছে।”
এ সময় তিনি আরও দাবি করেন, এই ঘটনার সঙ্গে রাশিয়ার কোনো ধরনের সম্পৃক্ততার ইঙ্গিত তার কাছে নেই এবং রাশিয়া ইরানকে সহায়তা করছে—এমন কোনো তথ্যও তার কাছে নেই।
কুর্দি বাহিনীর প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তিনি চান না কুর্দি যোদ্ধারা ইরানে প্রবেশ করুক। তার মতে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানে এমন একজন প্রেসিডেন্ট ক্ষমতায় আসা, যিনি দেশটিকে যুদ্ধের পথে ঠেলে দেবেন না।
উল্লেখ্য, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলায় বহু মানুষের হতাহতের খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে এ ঘটনার প্রকৃত দায়ী কে—তা নিয়ে এখনো বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলছে।
সূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

