ডাচ উপনিবেশবাদীরা ৩১ ট্রিলিয়ন ডলার লুট করেছে: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ডাচ উপনিবেশবাদীরা ৩১ ট্রিলিয়ন ডলার লুট করেছে: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, ডাচ (নেদারল্যান্ড) উপনিবেশবাদীরা দেশটি থেকে ৩১ ট্রিলিয়ন ডলার লুট করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব জাতি নিজেদের প্রতিরক্ষা সক্ষমতার বিষয়টিকে উপেক্ষা করবে তারা আবার উপনিবেশে পরিণত হবে।

বিজ্ঞাপন

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, সম্প্রতি জাকার্তা আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেছেন, ইন্দোনেশিয়ায় নেদারল্যান্ডের উপবিনেশ গোটা বিশ্বকেই মূল্যবান শিক্ষা দিয়েছে।

তিনি আরও বলেন, ডাচ উপনিবেশিক শাসন আমাদের শিখিয়েছে সামরিক দিক থেকে দুর্বল হওয়ার অর্থ হলো জাতীয় সার্বভৌমত্ব হারানো।

সুবিয়ান্তো তার দেশের বিশাল অংকের অর্থ লুট হওয়ার কথা তুলে ধরতে গিয়ে বলেন, ডাচদের উপনিবেশিক শাসনামলে তারা ইন্দোনেশিয়ার ৩১ ট্রিলিয়ন ডলার সম্পদ লুট করেছে, যা দেশটির বর্তমান জিডিপির ১৮ গুণ এবং দেশটির বর্তমান বাজেটের ১৪০ গুণ। আগামী ১৪০ বছরের খরচের সমান।

এর আগে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট আরও বলেন, যে জাতি নিজের প্রতিরক্ষার জন্য বিনিয়োগ করে না, সেই জাতি বিদেশি শক্তির আনুগত্য করতে বাধ্য।

সুবিয়ান্তো উপনিবেশবাদের নতুন ধরন সম্পর্কে সতর্ক করে বলেন, এখন জাহাজ এবং বন্দুকের মাধ্যমে উপনিবেশ গড়ে তোলা হয় না; বরং উন্নত সামরিক প্রযুক্তিই এখন জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার হাতিয়ার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন