পবিত্র রমজান মাসে এক দিনে ওমরাহ পালনের নতুন রেকর্ডের তথ্য প্রকাশ করেছে সৌদি আরব। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) ৯ লাখ ৪ হাজার মানুষ ওমরাহ পালন করেছেন, যা অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে।
২০২৫ সালের ৭ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫ লাখ মুসল্লি ওমরাহ পালন করেছিলেন। রমজান মাসে মক্কার মসজিদুল হারামে ওমরাহ পালনকারীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করে সৌদি কর্তৃপক্ষ।
এমন পরিস্থিতিতে কাবা শরিফের চারপাশের খোলা সাদা মার্বেল চত্বর অর্থাৎ, মাতাফ এলাকা সারা দিন শুধু ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারণ করা হয়। কর্তৃপক্ষ জানায়, রমজানের সময় বিশেষ করে শুক্রবার এবং মাগরিব, ইশা, তারাবি ও শেষ দশকের তাহাজ্জুদের নামাজে মসজিদুল হারামে মুসল্লিদের ঢল নামে। নামাজের স্থান দ্রুত পূর্ণ হয়ে যাওয়ায় মুসল্লিদের নির্দেশনা অনুযায়ী খোলা প্রাঙ্গণ ও নির্ধারিত এলাকাগুলোতে নামাজ আদায়ের আহ্বানও জানানো হয়েছে।
মসজিদের প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নির্ধারিত দিকনির্দেশনা (সাইনেজ) অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে হাঁটার পথ, সড়ক ও খোলা প্রাঙ্গণে জমায়েত। এছাড়া মসজিদুল হারামসংলগ্ন এলাকায় ভিড় ও যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। অননুমোদিত মোটরসাইকেল ও সাইকেল চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, যেসব যানবাহন পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত করে পার্ক করা হবে তাদের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সতর্কতাও জারি করা হয়েছে।
সূত্র: খালিজ টাইমস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হাতের নাগালে: আরাগচি