হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় মাইনের আঘাতে তিনটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। এমন দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
আইআরজিসি জানায়, জাহাজগুলো ‘অননুমোদিত’ দক্ষিণাঞ্চলীয় নৌপথ ব্যবহার করছিল। আগুন ধরে যাওয়ার পর সেগুলো হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজে আইআরজিসি নৌবাহিনীর বরাত দিয়ে বলা হয়, ট্যাংকারগুলো তাদের সব রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে তারা হরমুজ প্রণালির অননুমোদিত দক্ষিণাঞ্চলীয় নৌপথ ছেড়ে যাওয়ার চেষ্টা করছিল।
জাহাজগুলোতে আগুন লাগার ফলে পরিবেশদূষণের আশঙ্কার কথাও জানিয়েছে আইআরজিসি নৌবাহিনী। এ বিষয়ে তাদের বক্তব্য, হরমুজ প্রণালির অননুমোদিত নৌপথটি দূষিত হয়ে পড়েছে। এই পথে চলাচলের জন্য জাহাজগুলোর মালিক ও নাবিকেরাই দায়ী।
এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিভ্রান্তির তথ্যকে ‘সাইবার জগতের অলীক ধারণা’ হিসেবে উল্লেখ করে তা উপেক্ষা করার জন্য নৌপরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করেছে আইআরজিসি।
সংস্থাটি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেকোনো ধরনের ‘উসকানিমূলক পদক্ষেপ’ কঠোরভাবে মোকাবিলা করা হবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


