ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এখনই সময়: জাতিসংঘ দূত

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এখনই সময়: জাতিসংঘ দূত

অধিকৃত ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, ফিলিস্তিন প্রশ্নে এমন কেউ নেই যার হাত একেবারে পরিষ্কার। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজায় গণহত্যার জন্য ইসরাইলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সেসকা আলবানিজ । তিনি বলেন, ‘গাজায় ইসরাইলের ‘গণহত্যা’ বন্ধে বিশ্বের বিভিন্ন দেশের দৃঢ় পদক্ষেপ নেওয়ার এখনই সময়।

বিজ্ঞাপন

কলম্বিয়ায় দুই দিনের সম্মেলনে তিনি ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলের যুদ্ধ বন্ধের ওপর আলোকপাত করেন। মঙ্গলবার কলম্বিয়ার রাজধানী বোগোতায় ৩০টি দেশের প্রতিনিধিদের সাথে ফ্রান্সেসকা আলবানিজ কথা বলেন। যেখানে তিনি ইসরাইলের নৃশংস আক্রমণ এবং অবরুদ্ধ ফিলিস্তিনে আক্রমণ বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করেন।

এরআগে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞের তথ্য তুলে ধরার কারণে ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত ৯ জুলাই এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

ফ্রান্সেসকা আলবানিজ জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বজুড়ে তিনি সোচ্চার।

ইসরাইল এবং তার সমর্থকেরা আলবানিজের সমালোচনা করে আসছে। তাকে জাতিসংঘের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছে গাজায় গণহত্যায় অভিযুক্ত দেশটি।

মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ফ্রান্সেসকা আলবানিজ যুক্তরাষ্ট্র সরকারের এই নিষেধাজ্ঞাকে 'মাফিয়াদের মতো ভয় দেখানোর কৌশল' হিসেবে অভিহিত করেন। বলেন, 'আমি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ এবং এর জন্য দায়ীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দেওয়ার কাজে ব্যস্ত। আর যারা গণহত্যা থেকে লাভবান হচ্ছে, তাদের কথাও মনে করাচ্ছি।'

এদিকে, গাজায় ইসরাইলের হামলায় বুধবার একদিনে কমপক্ষে ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৩০ জন মারা যান ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। হামলায় আহত হয়েছেন আড়াই শতাধিক।

এরমধ্য দিয়ে গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৫৮ হাজার ৬০০ জনে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুরেজি শরণার্থী শিবিরে আবু হালু স্কুলে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে চারজন মারা যান।

এছাড়া গাজা সিটির একটি আবাসিক ভাবনে হামলায় মারা যায় আরো তিনজন।

বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরো ৯৩ জনের মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরো ২৫২ জন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন