যুক্তরাজ্যের সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে একটি ছোট বিমান। স্থানীয় সময় রোববার বিকেল ৪টার দিকে একটি বিচক্র্যাফট বি ২০০ বিমানটি বিধ্বস্ত হয়। খবর বিবিসির।
এসেক্স পুলিশ এক বিবৃতিতে জনিয়েছে, রোববার বিকেল ৪টার দিকে সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। তবে ওড়ার পরমুহূর্তেই তা ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে নিমানটি বিধ্বস্ত হয়। এরপর তাতে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই সেখানে ছুটে যায় পুলিশ। জনগণকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিচক্র্যাফট বি ২০০ একপ্রকার ছোট উড়োজাহাজ। দু জন পাইলট এবং সর্বোচ্চ নয়জন যাত্রী নিয়ে বিমানটি উড়তে পারে। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিল তা জানায়নি পুলিশ। এমনকি দুর্ঘটনায় হতাহতের সংখ্যা সম্পর্কেও জানা যায়নি।
আগুন নেভাতে বিমানবন্দরে কর্মীবাহিনী পাঠিয়েছে এসেক্স কাউন্টি ফায়ারসার্ভিস। সেইসঙ্গে পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্স।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পর বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক বার্তায় সাউথএন্ড বিমানবন্দরের কর্তৃপক্ষ বলেছে, পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

