পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের আয়োজন চলছে

আন্তর্জাতিক ডেস্ক

পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের আয়োজন চলছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন তিনি। তবে কবে নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে এ বিষয়ে এখনই কোনো দিনক্ষণ নির্ধারণ করা হয়নি।

আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেবেন ট্রাম্প। তার আগেই বৈঠকের বিষয়টি জানালেন তিনি।

বিজ্ঞাপন

ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার-আ-লাগো রিসোর্টে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন, ‘পুতিন একটি বৈঠক করতে চান, যা তিনি প্রকাশ্যেই বলেছেন। তাই আমরা এর আয়োজন করছি। আর ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে কাজ করবে আমেরিকা।’

ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে ট্রাম্প কখনই ইউক্রেনে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির জন্য কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেননি।

এদিকে, কিয়েভের জন্য আমেরিকার সামরিক ও আর্থিক সহায়তা নিয়ে তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। তার মতে, ইউক্রেন মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় অংশগ্রহণ করতে রাজি হলেই কেবল আমেরিকার আরও সহায়তা পাবে তারা।

নভেম্বরে ট্রাম্পের বিজয়ের পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার বিশ্বাস ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এ যুদ্ধ ‘তাড়াতাড়ি শেষ’ করতে হবে।

এ আলোচনার বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, আমেরিকা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠকের অনুরোধ জানায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন