জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা (আইএইএ) এর প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসিকে ইরানে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেইসঙ্গে সংস্থাটিকে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি ক্যামেরা বসানোর অনুমতিও দেওয়া হবে না।
ইরানের বার্তা সংস্থা ইরনা জানায়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) আমাদের পারমাণবিক কেন্দ্রে কোনো ক্যামেরা বসাতে দেব না। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির ইরানে প্রবেশও নিষিদ্ধ।’
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে নজরদারি ও স্বচ্ছতা নিয়ে ইরানের সঙ্গে আইএইএ-এর তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। এদিকে কয়েকদিন আগেই ইরানের পার্লামেন্ট এক আইন পাস করেছে, যেখানে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
এরআগে ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরাইল। ইরানের স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলের হামলায় কমপক্ষে ৬০৬ জন নিহত এবং ৫ হাজার ৩৩২ জন আহত হয়েছেন।
ইরানও ইসরাইলে পাল্টা হামলা চালায়। এতে ইসরাইলে কমপক্ষে ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হয়।
গত ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



