অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ
অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পার্লামেন্ট হাউসের প্রেস গ্যালারিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইন্ডি নির্বাচনী এলাকার স্বতন্ত্র সদস্য হেলেন হেইনস। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দেওয়ার ঘটনাকে ‘পরিকল্পিত’ বলে মনে করছে দেশটির পুলিশ। তবে ঘটনাটিকে বিচ্ছিন্ন বলে উল্লেখ করেছে অস্ট্রেলীয় ফেডারেল পুলিশ (এএফপি)। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আর কোনো হুমকির তথ্য তাদের কাছে নেই।

বিজ্ঞাপন

সোমবার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নের প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ওয়াঙ্গারাটায় নিজের কার্যালয়ের বাইরে গাড়িচাপার শিকার হন ৬৫ বছর বয়সি হেইনস। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে ‘ইচ্ছাকৃত’ কাজ বলে অভিহিত করেছেন।

রাতভর অস্ত্রোপচারের পর হেইনসের একটি পা বিচ্ছিন্ন করতে হয়েছে বলে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। তিনি এখনো মেলবোর্নের একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার প্রকাশিত এএফপির এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গাড়িচালক ভিক্টোরিয়া রাজ্যের টারাওয়িঙ্গি এলাকার ৪৩ বছর বয়সি এক ব্যক্তি।

বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য অভিযোগ নির্ধারণে ফেডারেল ও রাজ্য পুলিশ যৌথভাবে কাজ করছে। এর মধ্যে কমনওয়েলথের একজন সরকারি কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত করার অপরাধও রয়েছে। এ অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

প্রধানমন্ত্রী আলবানিজ মঙ্গলবার বলেন, সংসদ সদস্যকে ধাক্কা দেওয়ার আগে গাড়িটি ইউটার্ন নিয়েছিল। অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে তিনি বলেন, ‘এখানে যে ইচ্ছাকৃত ঘটনা ঘটেছে, তা স্পষ্ট। এটি দুর্ঘটনা ছিল না, কিংবা কেউ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়েনি।’

তবে অভিযুক্ত ব্যক্তির হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি বলে জানান প্রধানমন্ত্রী।

প্রত্যক্ষদর্শীর হস্তক্ষেপ

সাবেক নার্স ও ধাত্রী হেইনস ভিক্টোরিয়া রাজ্যের ইন্ডি আসনের স্বতন্ত্র সংসদ সদস্য। পরিবেশ সংরক্ষণ ও রাজনৈতিক স্বচ্ছতার পক্ষে অবস্থানের জন্য তিনি পরিচিত।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এবিসি রেডিওকে বলেন, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একজন পথচারী হস্তক্ষেপ করার আগে গাড়িটি হেইনসকে দুবার ধাক্কা দেয়।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রিকি জেফারিস নামের এক ব্যক্তি প্রথমে ঘটনাটিকে গাড়ি দুর্ঘটনা ভেবেছিলেন। পরে তিনি নিজের নাপিতের দোকান থেকে দৌড়ে বেরিয়ে এসে অভিযুক্ত ব্যক্তিকে আটকে ফেলেন এবং তার কাছ থেকে একটি ছুরি সরিয়ে নেন।

দোকানের বাইরে সাংবাদিকদের জেফারিস বলেন, ‘আমি জোরে একটি শব্দ শুনেছিলাম। ব্রেক করার কোনো শব্দ ছিল না। ব্যাপারটা অস্বাভাবিক ছিল। কী ঘটছে দেখতে আমি দৌড়ে বাইরে যাই।’

তিনি আরো বলেন, ‘শুরুতে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারিনি। পরে যখন বিষয়টি পরিষ্কার হয়, তখন আমি যতটা পেরেছি করেছি। অন্যরাও তখন সাহায্য করার চেষ্টা করছিলেন।’

রাজনীতিকদের হুমকি ও হয়রানি বাড়ছে

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ‘গভীরভাবে উদ্বেগজনক হামলার’ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি হেইনসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়ার রাজনীতিকদের প্রতি হুমকি ও হয়রানি ধারাবাহিকভাবে বেড়েছে বলে নথিভুক্ত করেছে দেশটির ফেডারেল পুলিশ। অস্ট্রেলিয়ার রাজনীতিকেরা ঐতিহাসিকভাবেই সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছাতে পারেন। সাধারণত তারা নিরাপত্তারক্ষী ছাড়াই নিজেদের দৈনন্দিন কাজকর্ম করেন।

সোমবার প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, ‘সাম্প্রতিক সময়ে উত্তেজনার মাত্রা বেড়েছে।’

নার্স ও ধাত্রী হিসেবে কাজ করার পর ২০১৯ সালে সংসদে যোগ দেন হেইনস। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরো জোরালো পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে তিনি পরিচিতি পান। রাজনীতিতে স্বচ্ছতা বাড়ানো এবং দুর্নীতি দমনে তার প্রচেষ্টারও প্রশংসা করা হয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন