ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া বলেছেন, কংগ্রেসের নেতৃত্বে ভারত যে বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারণা ধারণ করেছিল, বর্তমান সরকারের হিন্দুত্ববাদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার বিপরীত। এর ফলে দেশটির সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে প্রায় ২০ কোটি মুসলিমের ওপর নিপীড়নের ঘটনা ঘটছে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কঠোর সমালোচনা করে সোনিয়া গান্ধী অভিযোগ করেন, মোদি একজন কর্তৃত্ববাদী শক্তি, যিনি ভারতের রাষ্ট্রীয় চরিত্র বদলে দিতে চান। বিজেপি পরিকল্পিতভাবে দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিয়েছে।
তিনি বলেন, ভারতের রাজনীতিতে আগে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা, পরামর্শ এবং পারস্পরিক সৌজন্যের চর্চা ছিল। এখন সংসদে বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হয় না। বিরোধী দলকে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না।
মোদি ক্ষমতায় আসার পর তার সঙ্গে খুব কমই কথা হয়েছে বলে জানান সোনিয়া। তার অভিযোগ, একই কক্ষে থাকলেও মোদি অনেক সময় তার দিকে তাকানো এড়িয়ে যান। অথচ অতীতে সরকার ও বিরোধী দলের নেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকত।
বিজেপির ‘কংগ্রেসমুক্ত ভারত’ স্লোগানের সমালোচনা করে সোনিয়া বলেন, তিনি ও তার সন্তানদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে একের পর এক মামলা করা হচ্ছে। তার ভাষায়, বিরোধীদের প্রতি সরকার অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


