ইউরোপ থেকে প্রায় ২৫ হাজার বা তারও বেশি মার্কিন সেনা প্রত্যাহারের কথা বিবেচনা করছে পেন্টাগন। এর ফলে মহাদেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি প্রায় এক-তৃতীয়াংশ কমে যেতে পারে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানায় এনবিসি নিউজ।
এনবিসি নিউজের প্রতিবেদনে বর্তমান ও সাবেক মার্কিন এবং পশ্চিমা কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, প্রত্যাহারের পরিমাণ আরো বেশি হয়ে ৪০ হাজার সেনা পর্যন্ত হতে পারে। বর্তমানে ইউরোপে প্রায় ৮০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জার্মানি, ইতালি ও স্পেন থেকে সবচেয়ে বেশি সেনা সরানো হতে পারে।
ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে পেন্টাগনের ছয় মাসব্যাপী পর্যালোচনার অংশ হিসেবেই এসব বিকল্প বিবেচনা করা হচ্ছে। ইউরোপে মার্কিন কমান্ডের প্রধান এবং ন্যাটোর সুপ্রিম অ্যালাইড কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পর্যালোচনার প্রাথমিক বিশ্লেষণ উপস্থাপন করবেন বলে এনবিসি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই মূল্যায়নে বিমান, নৌ ও স্থলবাহিনী নিয়ে বেশ কয়েকটি বিকল্প তুলে ধরা হতে পারে। একই সঙ্গে কিছু মার্কিন সেনাকে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তের দিকে পুনর্বিন্যাসের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।
আগামী ৬ নভেম্বর হেগসেথকে চূড়ান্ত সুপারিশ দেওয়ার কথা রয়েছে। এরপর কোনো প্রস্তাব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করা হবে।
ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই বলে আসছে, ইউরোপীয় দেশগুলোর উচিত নিজেদের প্রচলিত প্রতিরক্ষার ক্ষেত্রে আরো বেশি দায়িত্ব নেওয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য অঞ্চলে, বিশেষ করে নিজস্ব কৌশলগত অগ্রাধিকারের ক্ষেত্রে, আরো বেশি সামরিক সম্পদ কাজে লাগাতে চায়।
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


