ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেছেন, সামাজিকমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রিল শিক্ষার্থীদের আন্দোলন থামাতে পারবে না। রিল বানানোর আগে শিক্ষার্থীদের দাবি পূরণে বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
আশুতোষ বলেন, ‘সামাজিক মাধ্যমে মোদি যদি রাতে রিল বানান, তাহলে বোঝা যায় যে, ব্যবস্থার ভেতরে অস্থিরতা রয়েছে। আপনি কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, আগে সে অনুযায়ী পদক্ষেপ নিন এবং ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করান। এরপর রিল বানান, আমরাও সেগুলো শেয়ার করব।’
তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে এখন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা শুরু হয়েছে।
ককরোচ জনতা পার্টির এই মুখপাত্র অভিযোগ করেন, দিল্লি পুলিশ আন্দোলনকারীদের যন্তর মন্তরের বিক্ষোভস্থলে পৌঁছাতে বাধা দিচ্ছে।
সামাজিক মাধ্যমে কয়েকটি বার্তার স্ক্রিনশট শেয়ার করে তিনি বলেন, ‘আপনারা যা ইচ্ছা করতে পারেন। কিন্তু মানুষকে যন্তর মন্তরে আসা থেকে বিরত রাখতে পারবেন না। আন্দোলনকারীদের কাছে খাবার পৌঁছানো বা তাদের সহায়তা করাও বন্ধ করতে পারবেন না।’
যন্তর মন্তরে খাবারের অর্ডার পাঠানো ঠেকাতে দিল্লি পুলিশ বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে তাদের ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার সিজেপি এক বিবৃতিতে জানায়, যন্তর মন্তর ও এর আশপাশে দিল্লি পুলিশের কর্তৃত্ববাদী পদক্ষেপ বাড়ছে।
অবিলম্বে যন্তর মন্তরে যেতে ইচ্ছুক নাগরিকদের বেআইনিভাবে আটক, হয়রানি বা বাধা দেওয়া বন্ধ এবং সেখানে ভীতিকর পরিবেশ সৃষ্টি থেকে বিরত থাকতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।
সিজেপির নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূত্র: দ্য হিন্দু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


