যুক্তরাষ্ট্রের মধ্য টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত দুইজন নিহত হয়েছেন। টেক্সাসের সালাডো গ্রামের দক্ষিণে একটি মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ধ্বংসাবশেষ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
সেখানে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এটি পার্শ্ববর্তী ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিল। ফোর্ট হুড মার্কিন সেনাবাহিনীর অন্যতম বড় ঘাঁটি।
বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের আগুন দেখতে পান। আগুনটি ‘খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল’ বলেও জানান তিনি।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে এবং জরুরি উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
প্রথম ক্যাভালরি ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন বলেন, ‘আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো ঘটনাস্থল সুরক্ষিত করা এবং প্রাথমিক উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করা।’
মার্কিন সেনাবাহিনীর মতে, এএইচ-৬৪ অ্যাপাচি হলো একটি দুই-ইঞ্জিন ও চার-ব্লেডযুক্ত বহুমুখী আক্রমণকারী হেলিকপ্টার, যা সশস্ত্র পর্যবেক্ষণ, সম্মুখ যুদ্ধ, ভ্রাম্যমাণ হামলা এবং উল্লম্ব কৌশলগত অভিযান পরিচালনা করতে সক্ষম।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


