মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন পোপ লিও চতুর্দশ। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধ করে সংলাপ পুনরায় শুরু করার আহ্বান জানান। খবর আলজাজিরার।
রোববার ভ্যাটিকান সিটিতে সাপ্তাহিক 'অ্যাঞ্জেলাস' প্রার্থনা শেষে উপস্থিত ভক্ত ও অনুসারীদের উদ্দেশে তিনি এই আহ্বান জানান। পোপ বলেন, 'মধ্যপ্রাচ্যের খ্রিস্টান ধর্মাবলম্বীসহ বিশ্বের সকল সদিচ্ছাসম্পন্ন মানুষের পক্ষ থেকে আমি এই সংঘাতের জন্য দায়ীদের কাছে বিশেষ আবেদন জানাচ্ছি—অনুগ্রহ করে যুদ্ধ বন্ধ করুন।' ইতিহাসের প্রথম মার্কিন এই পোপ বলেন, গত দুই সপ্তাহ আগে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলের মানুষ 'যুদ্ধের ভয়াবহ সহিংসতার' মধ্যে দিন কাটাচ্ছে।
তিনি আরো সতর্ক করে বলেন, 'সহিংসতা কখনোই সেই ন্যায়বিচার, স্থিতিশীলতা এবং শান্তি বয়ে আনতে পারে না, যার জন্য সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে অপেক্ষা করছে।'
উল্লেখ্য, গত ১৪ দিন ধরে ইসরাইল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে। পোপের এই আহ্বান এমন এক সময়ে এলো যখন বিশ্বনেতারা এই সংঘাত একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়া ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

