রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. রাকিব (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক রাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্রে জানা যায়, রাতে হঠাৎ এক যুবক কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এসে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে রাকিব গুরুতর আহত হন। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলে থাকা লোকজন এগিয়ে এসে একজনকে ধরে ফেলে এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করে। পরে প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানার পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, গুলির ঘটনার খবর পেয়ে প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বর্তমানে শাহবাগ থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।
তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী জড়িত নয়। যে গুলি করেছে এবং যে নিহত হয়েছে, দুজনই বাইরের ব্যক্তি।”
আটক ব্যক্তির নাম সিহাব হোসেন বলে জানা গেছে। তার বাড়ি খুলনা জেলায়।
ঘটনাস্থল থেকে পুলিশ দুটি গুলির খোসা উদ্ধার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আহত অবস্থায় রাকিবকে হাসপাতালে নিয়ে যাওয়া জিএম ইশান বলেন, রাতে আমরা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। এগিয়ে গিয়ে দেখি এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।
নিহতের বন্ধু মো. রনি জানান, রাতে রাকিব কয়েকজন বন্ধুসহ শহীদ মিনারের পাশে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে তারা শহীদ মিনারের দিকে গিয়ে দেখেন রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
তিনি বলেন, “গুলির পর সেখানে থাকা লোকজন দৌড়ে একজনকে ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”
নিহত রাকিব পেশায় ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। তার বাবার নাম তরিকুল ইসলাম খোকন। তাদের বাড়ি পুরান ঢাকার নিমতলী এলাকায়। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি আবাসিক এলাকায় থাকতেন বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

