আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওমানের মধ্যস্থতায় আলোচনার টেবিলে ইরান-আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

ওমানের মধ্যস্থতায় আলোচনার টেবিলে ইরান-আমেরিকা

ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে দেশটির সঙ্গে অবশেষে আলোচনায় বসেছে আমেরিকা। শনিবার ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হয়।

আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অপরদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের নেতৃত্বে আমেরিকান প্রতিনিধিদল আলোচনায় অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, ওমানি পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদির মধ্যস্থতায় আব্বাস আরাকচি ও স্টিভ উইটকফের মধ্যে ‘পরোক্ষ আলোচনা’ চলছে।

তিনি বলেন, ‘ওমানি মধ্যস্থকারীদের পরিকল্পনা অনুযায়ী ভিন্ন ভিন্ন কক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে পৃথকভাবে আলোচনা হচ্ছে।’

আলোচনায় যদি কোনো চুক্তি না হয়, তাহলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান সতর্কতার সঙ্গে আলোচনার প্রস্তুতি নিয়েছে। দেশটির সন্দেহ, এসব আলোচনা আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কি না। ট্রাম্পকে নিয়েও তাদের সন্দেহ রয়েছে, যিনি ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে বারবার বোমা হামলা চালানোর হুমকি দিয়ে চলেছেন।

তবে ইরান ও আমেরিকা দুপক্ষই কিছু অগ্রগতির সম্ভাবনা দেখতে পাচ্ছে। যদিও তারা দুই দশকেরও বেশি সময় ধরে চলমান বিরোধের কারণে পরস্পর থেকে অনেক দূরে সরে গেছে।

আলোচনা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনার আশঙ্কা বাড়বে। বিশ্বের বেশিরভাগ তেল রপ্তানি হয় পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে। আমেরিকার ঘাঁটি রয়েছে এমন প্রতিবেশী দেশগুলোকে ইরান সতর্ক করে জানিয়েছে, ইরানের ওপর ওয়াশিংটনের সামরিক হামলায় জড়িত থাকলে তাদের ‘কঠোর পরিণতি’ ভোগ করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...