হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পথ নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে ইরানের আলোচনা চলছে। তবে এই আলোচনা এবং হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া দুটি আলাদা বিষয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শনিবার শাহরারা নিউজকে আরাগচি এসব কথা বলেন।
আরাগচি বলেন, ওমানের সঙ্গে ইরানের আলোচনা এখনো চলছে। এটি মূলত একটি কারিগরি বিষয়। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য সমুদ্রপথ নির্ধারণ নিয়েই আলোচনা হচ্ছে।
তিনি বলেন, আগে যে নৌপথগুলো ব্যবহার করা হতো, সেগুলো এখন আর কার্যকর নেই। তাই নতুন একটি নৌপথ নির্ধারণ করা প্রয়োজন। আপাতত একটি অস্থায়ী নৌপথ নির্ধারণের কাজ চলছে। পরে এটিকে চূড়ান্ত নৌপথে রূপ দেওয়া হতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা হয়তো শিগগিরই একটি সমাধানে পৌঁছাতে পারি। তবে আমি জোর দিয়ে বলতে চাই, এই আলোচনা এবং হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া দুটি আলাদা বিষয়। এটি একটি কারিগরি আলোচনা। এর বিষয় হলো একটি নৌপথ নির্ধারণ করা।’
আরাগচি আরো বলেন, নৌপথ নির্ধারণ হয়ে গেলেও হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে কি না, তা নির্ভর করবে অন্য কিছু শর্ত পূরণের ওপর।
তিনি বলেন, এসব শর্ত যুক্তরাষ্ট্রকে পূরণ করতে হবে। অর্থাৎ নৌপথ নির্ধারণের আলোচনা শেষ হলেই যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে, এমন নয়।
আরাগচির ভাষায়, ‘এই নৌপথ নির্ধারণ হয়ে যাওয়ার পর প্রণালি আবার খুলে দেওয়া হবে কি না, তা নির্ভর করবে অন্যান্য শর্ত পূরণ হওয়ার ওপর। এসব শর্ত যুক্তরাষ্ট্রকে মেনে চলতে হবে।’
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

