ব্রিটেনে মুসলিমবিদ্বেষী ঘৃণামূলক অপরাধ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেখানকার গণমাধ্যমেও মুসলমানদের নিয়ে পক্ষপাতদুষ্ট প্রতিবেদনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
গণমাধ্যমে মুসলিম ও ইসলামকে কীভাবে উপস্থাপন করা হয় তা পর্যবেক্ষণকারী অলাভজনক সংস্থা সেন্টার ফর মিডিয়া মনিটরিং (সিএফএমএম)-এর গবেষণায় বলা হয়েছে, ব্রিটেনের মুসলমানদের সম্পর্কে প্রকাশিত প্রায় অর্ধেক সংবাদই পক্ষপাতদুষ্ট। ২০২৫ সালে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপকভাবে মুসলিমবিরোধী পক্ষপাত দেখা গেছে, যার প্রায় ৫০ শতাংশ নিবন্ধে কোনো না কোনো পক্ষপাত ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩০টি প্রধান সংবাদমাধ্যমে প্রকাশিত ৪০ হাজার ৯১৩টি নিবন্ধ বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ সংবাদে মুসলমান বা ইসলামকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ প্রায় ২০ হাজার সংবাদে কোনো না কোনোভাবে ‘উচ্চমাত্রার পক্ষপাতদুষ্ট’ ছিল।
সিএফএমএমের পরিচালক রিজওয়ানা হামিদ বলেছেন, ব্রিটেনে পরিচালিত এ ধরনের সবচেয়ে বড় গবেষণা হিসেবে একে দেখা হচ্ছে। এই প্রতিবেদনটিতে সেখানকার সংবাদমাধ্যমে মুসলমানদের উপস্থাপনের ক্ষেত্রে কীভাবে কাঠামোগত পক্ষপাত করা হয়, তার উদ্বেগজনক প্রমাণ তুলে ধরা হয়েছে। এটি মিডিয়ার ইকোসিস্টেমের মধ্যে একটি প্রাতিষ্ঠানিক সমস্যার দিকে ইঙ্গিত করে বলে জানান হামিদ। যখন একটি সম্প্রদায়কে বার বার সন্দেহের চোখে বা হুমকি হিসেবে গণমাধ্যমে তুলে ধরা হয়, তখন তা অনিবার্যভাবেই সাধারণ জনগণের মনে প্রভাব ফেলে। এমনকি এটি রাজনৈতিক বিতর্ক এবং ব্রিটিশ মুসলমানদের জীবনযাত্রাকেও প্রভাবিত করে।
প্রতিবেদনে ডানপন্থি সংবাদপত্রগুলোকে মুসলিমবিরোধী পক্ষপাতের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে শীর্ষে রয়েছে দ্য স্পেকটেটর ম্যাগাজিনে। এখানকার নিবন্ধে সবচেয়ে বেশি মুসলমানকে ‘অত্যন্ত পক্ষপাতদুষ্ট’ হিসেবে তুলে ধরা হয়েছে।
মুসলমানদের সম্পর্কে সবচেয়ে বেশি পক্ষপাতদুষ্ট কভারেজ পাওয়া অন্যান্য সংবাদপত্রগুলোর মধ্যে রয়েছে জিবি নিউজ, দ্য টেলিগ্রাফ, ইহুদি ক্রনিকল, ডেইলি এক্সপ্রেস, দ্য সান, ডেইলি মেইল এবং দ্য টাইমস। তবে বিবিসিতে এই পক্ষপাতের হার সর্বনিম্ন।
প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনে ডানপন্থি ভোটারদের উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেওয়া সংবাদমাধ্যমগুলো মুসলমানদের নিয়ে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন প্রকাশের সম্ভাবনা বেশি দেখিয়েছে। সংস্থাটি জানিয়েছে, দ্য স্পেকটেটর ম্যাগাজিন এবং জিবি টেলিভিশন চ্যানেল পক্ষপাতের পাঁচটি বিভাগেই সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই সংবাদমাধ্যমগুলোর ক্ষেত্রে ক্ষতিকর কভারেজ আনুষঙ্গিক নয়।
অন্যদিকে, মুসলমান এবং তাদের বিশ্বাসকে অপমান করে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সবচেয়ে কম পক্ষপাতদুষ্ট আচরণ করেছেÑএর মধ্যে রয়েছে আইটিভি, মেট্রো সংবাদপত্র, বিবিসি, পিএ সংবাদ সংস্থা, দ্য গার্ডিয়ান, দ্য অ্যাসোসিয়েটেড প্রেস, লন্ডন ইভিনিং স্ট্যান্ডার্ড এবং স্কাই নিউজ।
এই গবেষণাটি এমন একটি সময়ে প্রকাশিত হলো যখন ব্রিটেনজুড়ে মুসলমানরা ক্রমবর্ধমান বৈরিতার মুখোমুখি হচ্ছে। এর কারণ হিসেবে দেখা হচ্ছে কট্টর ডানপন্থি জনসাধারণের জনপ্রিয়তা এবং অভিবাসনবিরোধী মনোভাব বৃদ্ধি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে ব্রিটিশ সরকার জানিয়েছে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত এক বছরে মুসলমানদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধ আগের সময়ের তুলনায় ১৯ শতাংশ বেড়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

