ইরানের সামরিক মুখপাত্র আমির আকরামিনিয়া বলেছেন, হরমুজ প্রণালিতে তেহরানের আদেশ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো উপায় নেই। যুক্তরাষ্ট্র চাইলেও হরমুজ প্রণালিতে ইরানের নতুন আদেশ অপরিবর্তনীয় বলেও জানান তিনি।
আকরামিনিয়া বলেন, ‘বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো উপায় নেই। অন্যথায়, অতীতে যা ভোগ করতে হয়েছে তার চেয়ে অনেক বেশি মূল্য তাদের দিতে হবে।’
হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য কতগুলো শর্ত দিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র সারদার মোহেবি বলেছেন, প্রণালিটি পুনরায় চালুর বিষয়টি ওমানের সঙ্গে চলমান আলোচনা কোনোভাবেই সম্পর্কিত নয়।
শনিবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের আচরণ পরিবর্তন না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না। পরিষদের সচিব ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কাছে বেশ কয়েকটি শর্ত তুলে ধরেন।
শর্তগুলোর মধ্যে রয়েছে—ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে আর কোনো হুমকি না দেওয়া, ইরান ও অঞ্চলটির মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা, ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ প্রত্যাহার এবং অঞ্চলটি থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া। পাশাপাশি যুদ্ধের কারণে ইরানের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ করা সম্পদ নিঃশর্তভাবে মুক্ত করার দাবিও জানিয়েছে তেহরান।
সূত্র: ডন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


