ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা
ছবি : রয়টার্স

ভেনেজুয়েলায় ৭ দশমিক ৫ এবং ৭ দশমিক ২ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসের বিভিন্ন ভবন ধসে পড়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তবে বিবিসি প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ১ জানিয়েছিল। এর মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।

বিজ্ঞাপন

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ঝাঁকুনিটির উৎপত্তিস্থল ছিল ইউমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

মার্কিন সংস্থাটি জানিয়েছে, বুধবার সন্ধ্যায় রাজধানী ও এর আশপাশের অঞ্চলে পর পর আঘাত হানা এই দুই ভূমিকম্পের কারণে ভেনেজুয়েলায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিপুলসংখ্যক মানুষের হতাহতের আশঙ্কা রয়েছে।

ইউএসজিএস আরো সতর্ক করেছে, এই বিপর্যয় সম্ভবত ব্যাপক এলাকাজুড়ে ঘটেছে এবং শক্তিশালী পরাঘাত অনুভূত হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো জনগণকে তাদের ঘরবাড়ি ছেড়ে বাইরে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, আগাম সতর্কতা হিসেবে বেশ কয়েকটি ভবনে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কিছু স্থাপনা বা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা গ্যাস থেকে কোনো ধরনের দুর্ঘটনা ঘটুক তা চাই না।’

রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের সময় কারাকাসের বাসিন্দারা দ্রুত ভবন থেকে বাইরে নিরাপদ স্থানে সরে যান।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তার ভবনে ফাটল দেখা দিয়েছে এবং কাচ ভেঙে পড়েছে।

বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিকের তোলা একটি ছবিতে কারাকাসের একটি ভবনকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে, যা একটি ব্যাংক বলে ধারণা করা হচ্ছে।

সূত্র :আল-জাজিরা, বিবিসি

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন