কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে। পাকিস্তানি সেনারা হালকা অস্ত্র ও আর্টিলারি গান ব্যবহার করে নিয়ন্ত্রণরেখাজুড়ে গুলি চালাচ্ছে বলে অভিযোগ করেছে ভারত।
নিয়ন্ত্রণরেখাজুড়ে এই গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। তার নাম দীনেশ কুমার শর্মা। হরিয়ানা রাজ্যের বাসিন্দা শর্মা জম্মুর পুঞ্চ সেক্টরে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
সিএনএন জানায়, বুধবার রাতে কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনারা ব্যাপক গোলাগুলি করেছে।
ভারতের প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বারতওয়াল জানান, পাকিস্তানের সেনারা হালকা অস্ত্র ও আর্টিলারি গান ব্যবহার করে নিয়ন্ত্রণরেখাজুড়ে গুলিবর্ষণ করেছে। ভারতীয় সেনারাও এর উপযুক্ত জবাব দিয়েছে।
২২ এপ্রিল পেহেলগামে হামলার পর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর প্রায় প্রতিদিনই দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হচ্ছে। ওই হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশির ভাগই ভারতীয় পর্যটক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

