আইনি লড়াইয়ে হার

গুগলকে দিতে হবে ৪.১ বিলিয়ন ইউরো জরিমানা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

গুগলকে দিতে হবে ৪.১ বিলিয়ন ইউরো জরিমানা
ছবি: সংগৃহীত।

ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৪.১ বিলিয়ন ইউরো (৪.৭ বিলিয়ন ডলার) অ্যান্টিট্রাস্ট জরিমানার বিরুদ্ধে গুগলের দীর্ঘদিনের আইনি লড়াইয়ে হেরেছে গুগল। এর মাধ্যমে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবং এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। খবর আনাদোলুর।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালত গুগল ও অ্যালফাবেটের আপিল খারিজ করে দেয়। আদালত জানায়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করে গুগল সার্চকে এগিয়ে দেওয়ার অভিযোগে আগের আদালতের রায় বহাল থাকবে।

বিজ্ঞাপন

মামলার সূত্রপাত ২০১৮ সালে। সে সময় ইইউ অভিযোগ করে, অ্যান্ড্রয়েডচালিত মোবাইল ফোনে গুগল সার্চ ও ক্রোম ব্রাউজারকে অগ্রাধিকার দিতে নির্মাতাদের সঙ্গে প্রি-ইনস্টলেশন চুক্তি এবং লাইসেন্সিং শর্ত ব্যবহার করে গুগল প্রতিযোগিতাবিরোধী আচরণ করেছে।

প্রথমে ইউরোপীয় কমিশন গুগলের ওপর ৪.৩৪ বিলিয়ন ইউরো জরিমানা আরোপ করে। পরে নিম্ন আদালত কিছু রাজস্ব-বণ্টনসংক্রান্ত চুক্তির বিষয়ে কমিশনের সিদ্ধান্ত আংশিক বাতিল করলেও গুগলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী আচরণের মূল অভিযোগ বহাল রাখে এবং জরিমানা কমিয়ে ৪.১২৫ বিলিয়ন ইউরো নির্ধারণ করে।

সর্বশেষ রায়ে ইইউর সর্বোচ্চ আদালত বলেছে, নিম্ন আদালত আইনের কোনো ভুল ব্যাখ্যা করেনি। আদালতের মতে, অ্যান্ড্রয়েডে গুগলের প্রি-ইনস্টলেশন শর্ত এবং অ্যান্টি-ফ্র্যাগমেন্টেশন চুক্তিগুলো প্রতিযোগিতা সীমিত করতে এবং বাজারে নতুন প্রতিষ্ঠানের প্রবেশে বাধা সৃষ্টি করতে সক্ষম ছিল।

আদালত আরও উল্লেখ করেছে, মোবাইল ডিভাইসে আগে থেকেই ইনস্টল থাকা অ্যাপ ব্যবহারকারীদের কাছে স্বাভাবিকভাবেই বেশি সুবিধা পায়। তাই শুধু ব্যবহারকারীদের পছন্দ বা গুগলের সেবার মানের কারণে বাজারে এ অবস্থান তৈরি হয়েছে—গুগলের এমন যুক্তিও আদালত গ্রহণ করেনি।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...