ওসমানী হাসপাতাল

ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল

সিলেট ব্যুরো

ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় ও ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। পরে তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দুপুরে হাসপাতালের আউটডোর ভবনের নিচতলায় সার্জিক্যাল মাইনর অপারেশন থিয়েটারের ড্রেসিং রুমে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় ড্রেসিং রুমের কাচ ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।

বিজ্ঞাপন

এর আগে ওসমানী হাসপাতালে ইন্টার্ন ডিউটিরত বেসরকারি নার্সিং কলেজের দুই ছাত্রীর সঙ্গে হাসপাতালের ওয়ার্ড বয় (আউটসোর্সিং স্টাফ) জামাল ও অঞ্জন সরকার অশোভনীয় আচরণ করেন। তারা প্রায় সময় উত্তক্ত করেন বলেও অভিযোগ ওঠে। ওই ছাত্রীরা বিষয়টি বেসরকারি নার্সিং কলেজের ইন্টার্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে জানান।

পরবর্তীতে ইন্টার্ন অ্যাসোসিয়েশনের ছাত্র মো. তাহমিদ ও প্রীতম রঞ্জন দাশের নেতৃত্বে প্রায় ৮ জন ছাত্র মাইনর ওটি’র ড্রেসিং রুমে গিয়ে নার্সিং স্টাফ মো. জাহাঙ্গীরের কাছে এ বিষয়ে কথা বলতে চান। কথাবার্তার এক পর্যায়ে ওয়ার্ড বয় জামাল উত্তেজিত হয়ে উঠলে উভয়পক্ষের মধ্যে তুমুল হট্টগোল ও সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন ইন্টার্ন নার্সিং শিক্ষার্থী আহত হন এবং ওটি রুমের বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করা হয়।

এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্টাফ নার্স ও বিএনএ সাধারণ সম্পাদক সোহেল আহমদ বলেন, কোনো কিছু হলেই আগে নার্সদের ওপর হামলা হয়। এরকম নিরাপত্তাহীনতার মধ্যে আমাদের কাজ করতে হয়। আমরা চাই ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সঠিক তদন্ত হোক এবং দোষীদের আইনের আওতায় আনা হোক।

এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ বদরুল আমিন বলেন, ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে মূল ঘটনা জানা যাবে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কোতোয়ালি থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...