হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালির ওপর ইরানের অব্যাহত নিয়ন্ত্রণ বজায় রাখা, জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার গুরুত্ব তুলে ধরেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি।

বিজ্ঞাপন

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মহসেন রেজায়ির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে সর্বোচ্চ নেতা এসব মন্তব্য করেন।

বৈঠকে মোজতবা খামেনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও এর সচিবালয়কে দেশটির নীতি নির্ধারণের মূল কেন্দ্র হিসেবে বর্ণনা করেন। তিনি সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা—এই চার ক্ষেত্রের পারস্পরিক প্রভাবের কথা উল্লেখ করে বলেন, একটি খাতে গৃহীত সিদ্ধান্তের প্রভাব অন্য খাতের ওপরও পড়ে। তাই প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে উপযুক্ত পরিপূরক পদক্ষেপ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সঠিক ও সুদৃঢ় সিদ্ধান্ত নিতে হলে প্রতিটি পদক্ষেপের শুরু থেকে শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ রূপরেখা বা রোডম্যাপ থাকা আবশ্যক।

বৈঠকে আলোচনার অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ছিল—জাতীয় সংহতি বৃদ্ধি, জনগণ ও সরকারের মধ্যে পারস্পরিক বিশ্বাস জোরদার করা এবং সংবিধানের (বিশেষ করে ১৭৬ অনুচ্ছেদের) সর্বাত্মক ব্যবহার করে সমস্যা দ্রুত সমাধানে রাষ্ট্রপতি ও নির্বাহী সংস্থাগুলোকে সহায়তা করা।

এ ছাড়া, হরমুজ প্রণালী ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করা এবং টেকসই ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো মজবুত করার বিষয়েও জোর দেওয়া হয়।

মোজতবা খামেনি উল্লেখ করেন, ইরানের জাতীয় প্রতিরোধের কারণেই শত্রুরা আজ হতাশাগ্রস্ত। দেশের স্বাধীনতা এবং রাজনৈতিক ব্যবস্থা রক্ষায় জনগণের অংশগ্রহণ বজায় রাখতে সময়োপযোগী ও কার্যকর তথ্য প্রচারের নির্দেশ দেন তিনি।

বৈঠকে সচিব মহসেন রেজায়ি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি এবং বিদ্যমান সংকট নিরসনে গৃহীত পদক্ষেপ নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেন। তিনি জানান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবালয় বর্তমানে স্বনির্ভর আঞ্চলিক ব্যবস্থা ও শৃঙ্খলা গড়ে তোলার কৌশলগত নীতি অনুসরণে কাজ করে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন