ইসরাইলে ভোটগ্রহণের শেষ মুহূর্তে ভোটারদের কেন্দ্রে আনতে তৎপর হয়ে উঠেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি ও তার ডানপন্থি মিত্ররা। আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি হওয়ার খবরে উদ্বেগের মধ্যে ঘরে ঘরে প্রচার এবং জরুরি বৈঠকের তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছে দলগুলো।
মঙ্গলবার রাতে দ্য টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভোটগ্রহণ শেষ হওয়ার আগে ডানপন্থী ভোটারদের কেন্দ্রে আনতে নেতানিয়াহু ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জরুরি বৈঠক করেছেন। স্মোট্রিচের দল রিলিজিয়াস জায়োনিজম পার্টির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসতে স্থানীয় সরকারপ্রধানদের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা রয়েছে তাদের। এ জন্য ভোটকেন্দ্র পরিদর্শনের পূর্বনির্ধারিত কর্মসূচি সংক্ষিপ্ত করে দলের সদর দপ্তরে ফিরে যান স্মোট্রিচ।
রিলিজিয়াস জায়োনিজম পার্টির আশঙ্কা, ভোটার উপস্থিতি বেশি হলে ছোট ডানপন্থী দলগুলোর নির্বাচনি বাধা অতিক্রম করে পার্লামেন্টে আসার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এ কারণে দলটি ভোটারদের এমন দলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে, যাদের নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করছে।
এদিকে, নেতানিয়াহুর জোটের শরিক ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির বাত ইয়াম শহরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার দল ওতজমা ইয়েহুদিতের পক্ষে সমর্থন বাড়াতে এ প্রচার চালানো হচ্ছে।
অন্যদিকে পশ্চিম তীর থেকে আসা শত শত স্বেচ্ছাসেবী ভোটার উপস্থিতি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে লোদ শহরে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন বলে জানিয়েছে লিকুদ পার্টি।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারও ভোটের গুরুত্ব তুলে ধরে বলেছেন, ‘এই দিনটি ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব নির্ধারণ করবে।’
প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনে ভোটার উপস্থিতি রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট পড়ার হার ছিল ৬৬ দশমিক ৭ শতাংশ। এ পরিস্থিতিতে ডানপন্থি দলগুলো নিজেদের সমর্থকদের ভোটকেন্দ্রে আনতে শেষ মুহূর্তের প্রচার জোরদার করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


