পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা গ্রহণ, দুই শিক্ষক প্রত্যাহার

জেলা প্রতিনিধি, নরসিংদী

পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা গ্রহণ, দুই শিক্ষক প্রত্যাহার

নরসিংদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্রের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) অংশে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর প্রায় ১৫ মিনিট পর শিক্ষার্থীরা বুঝতে পারেন, তাদের ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। পরে ভুল শনাক্ত হলে সংশ্লিষ্টদের কাছ থেকে পুরোনো প্রশ্নপত্র নিয়ে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করা হয়। তবে অতিরিক্ত সময় বরাদ্দ না দেওয়ায় ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

পরীক্ষা কেন্দ্রের সচিব ও নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাছিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১ নম্বর কক্ষে কিছু পরীক্ষার্থীর কাছে ভুলবশত পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। বিষয়টি জানার পরপরই তা পরিবর্তন করে নতুন প্রশ্নপত্র দেওয়া হয়। তিনি বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও বিব্রতকর।"

তিনি জানান, ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে প্রশ্নপত্র গ্রহণ ও বিতরণের দায়িত্বে থাকা নরসিংদী সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অলক কুমার পাল এবং হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্তে একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদী সরকারি মহিলা কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, বিষয়টি জেলা প্রশাসনের নজরে এসেছে। জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রাসেদুজ্জামানকে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কেন্দ্রে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেক বলেন, এ ধরনের ঘটনায় সরাসরি ব্যবস্থা নেওয়ার এখতিয়ার তাদের নেই। তবে জেলা প্রশাসন ও কেন্দ্র সচিবের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, পরীক্ষা কেন্দ্রের বিষয়ে সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে।

জানা গেছে, নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এই উপকেন্দ্রে প্রায় ৬০০ পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নেন।

এদিকে, চলতি বছর নরসিংদী জেলায় মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩১টি কেন্দ্রে মোট ১৫ হাজার ১৬৮ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২১৪ জন পরীক্ষার্থী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...