সরকারি স্কুলের ৬০ লাখের বেশি শিক্ষার্থীর জন্য নতুন শিক্ষাব্যবস্থা শুরু করতে যাচ্ছে সৌদি আরব। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের পাঠ্যক্রমে থাকছে নতুন অনুমোদিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এ উদ্যোগের ফলে সৌদি আরব প্রথমবারের মতো সাধারণ শিক্ষায় ভিন্নধর্মী ও উদ্ভাবনী পাঠ্যসূচি চালু করছে। খবর সৌদি গেজেটের।
শিক্ষার্থীদের জন্য যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে ন্যাশনাল সেন্টার ফর কারিকুলাম, মিনিস্ট্রি অব এডুকেশন, মিনিস্ট্রি অব কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড দ্য সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটির (এসডিএআইএ)। প্রাথমিক স্তর থেকেই এআই শিক্ষা চালু করার লক্ষ্য হলো আগামী প্রজন্মকে প্রযুক্তি ও উদ্ভাবনে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করা।
নতুন পাঠ্যক্রম শিক্ষার্থীদের সামনে নতুন দিক উন্মোচন করবে। শিক্ষার্থীরা জানতে পারবে আধুনিক ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় এআই কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনে অনুপ্রাণিত করবে এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে এআইভিত্তিক সমাধান তৈরি করতে সক্ষম করবে।
এসডিএআইএ ও শিক্ষা মন্ত্রণালয় এআই ব্যবহারের জন্য একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এর উদ্দেশ্য হলো শিক্ষকদের মূল ভূমিকা অক্ষুন্ন রেখে শিক্ষার মান উন্নয়ন করা।
এ ছাড়া এসডিএআইএ ও এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইভাল্যুশন কমিশন মিলে চালু করেছে সৌদি একাডেমিক ফ্রেমওয়ার্ক ফর এআই কোয়ালিফিকেশনস (এডুকেশন ইন্টেলিজেন্স), যা বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী এআই পাঠ্যক্রম সাজাতে সহায়তা করবে এবং এআইয়ে দক্ষ গ্র্যাজুয়েটদের প্রতি নিয়োগদাতাদের আস্থা বাড়াবে।
এদিকে এআইয়ের ব্যবহার বাড়াতে এসডিএআইএ, শিক্ষা মন্ত্রণালয় ও মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় যৌথভাবে চালু করেছে সামাই উদ্যোগ।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



