তুরস্ক-পাকিস্তানের মধ্যে দৃঢ় সম্পর্ক বজায় রাখার প্রত্যয় এরদোয়ানের

তুরস্ক-পাকিস্তানের মধ্যে দৃঢ় সম্পর্ক বজায় রাখার প্রত্যয় এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান পাকিস্তানের সঙ্গে তার দেশের দৃঢ় সম্পর্ক সর্বদা বজায় রাখার প্রত্যয় প্রকাশ করেছেন। বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে গত বুধবার রাতে ইসলামাবাদে পৌঁছান তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ইসলামাবাদে প্রধানমন্ত্রীর ভবনে তাকে স্বাগত জানান শাহবাজ শরিফ। সেখানে দুই নেতার মধ্যে বৈঠক হয়। বৈঠকের পর দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে ২৪টি চুক্তি স্বাক্ষর হয়।

পরে দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, বৈঠকে শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কই নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তুরস্কের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের জোরালো সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এরদোয়ান বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানকে আমরা সব সময় সমর্থন দিয়ে যাব। পিকেকে, ওয়াইপিজে, দায়েশ ও ফেতোসহ সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা পাকিস্তানের সমর্থন গভীরভাবে অনুভব করি।’

তুর্কি প্রেসিডেন্ট দুই দেশের সম্পর্ককে অবিচ্ছেদ্য বন্ধন হিসেবে বর্ণনা করে বলেন, এ সম্পর্কের শিকড় অনেক গভীরে।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মুসলিম স্বার্থরক্ষায় তুরস্কের নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি বলেন, একই ইতিহাস ও মূল্যবোধের ভিত্তিতে পাকিস্তান ও তুরস্কের মধ্যে অতুলনীয় এক সম্পর্ক গড়ে উঠেছে।

এর আগে গত সোমবার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে চার দিনের সফরে যান তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন