যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাবে টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
বুধবার গ্রিনিচ মান সময় ০০:০৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২৬ সেন্ট বা ০ দশমিক ২৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৩১ ডলারে লেনদেন হয়েছে।
মঙ্গলবারের লেনদেন শেষে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা কমে যাওয়ায় বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যে বিনিয়োগকারীরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


