ইরানে আরো কঠিন হামলা চালানোর হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরানে আরো কঠিন হামলা চালানোর হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরানের প্রতিটি স্থান ও লক্ষ্যবস্তুতে হামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আগামীতে হামলার তীব্রতা আরো বাড়ানোর ঘোষণা দিয়ে নেতানিয়াহু বলেন, ইরানের সামনে কী অপেক্ষা করছে সেটা তারা কল্পনাও করতে পারছে না। টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

বিজ্ঞাপন

স্থানীয় সময় গত শনিবার হিব্রু ভাষায় দেওয়া ভিডিও বার্তায় নেতানিয়াহু আরো বলেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে এবং জ্বালানি ডিপোতে হামলার মাধ্যমে তেহরানের দিকে পথ তৈরি করেছে তেলআবিব । তিনি বলেন, ইরান যাতে আর কখনো ইসরাইল রাষ্ট্রকে ধ্বংস করার সাহস দেখাতে না পারে, সেজন্য এই সামরিক অভিযান চালানো হচ্ছে।

নেতানিয়াহু বলেন, ‘খুব শীঘ্রই, আপনারা তেহরানের আকাশে আইএএফ বিমান দেখতে পাবেন। আমরা আয়াতুল্লাহদের শাসনামলের প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানব।’

রোববার ভোরে ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানের দুটি জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইসরাইল। ইরান ইসরাইলের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করার ঘোষণা দেওয়ার পরপরই এ আক্রমণ চালানো হয়। আর রোববার ভোরে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্র্রী সামাজিক মাধ্যম ‘এক্স’ এ দেওয়া এক পোস্টে বলেন, তেহরান জ্বলছে।

প্রসঙ্গত, শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনা ও অস্ত্রাগারে বড় ধরনের হামলা চালায় ইসরাইল। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে এই আঘাত হানে ইসরাইল। এরপর থেকে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে।

ইসরাইলি হামলার পর থেকে পাল্টা জবাব দিচ্ছে ইরান। শুক্রবার দিবাগত রাতে এ হামলা শুরু করেছে দেশটি। এই হামলা অব্যাহত থাকতে পারে। কেননা এখনও হামলা বন্ধের কোনো ঘোষণা দেয়নি ইরান।

এদিকে শনিবার সারারাত ইসরাইল ও ইরান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। রোববার ভোরেও ইরান তেল আবিবে ও হাইফা শহরে ড্রোন হামলা করেছে। ইসরাইলও দাবি করেছে রোববার তারা তেহরানের একটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন